মুহূর্তের ভুলে স্বপ্ন ভঙ্গ, শিল্ড অধরাই রইল সাদা-কালো’র
মুহূর্তের ভুলে স্বপ্ন ভঙ্গ, শিল্ড অধরাই রইল সাদা-কালো’র
কয়েক সেকেন্ডের ভুল বোঝাবুঝি, আর তাতেই সব শেষ। ১২৪তম আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল মহামেডান স্পোর্টিং। অতিরিক্ত সময়ে গোল হজম করার ফলে তা শোধ দেওয়ার মতো বেশি সময় ছিল না নিকোলা'দের কাছে। সাদা-কালো জার্সিধারীদের চোখ ধাঁধানো লড়াই শেষ হয়ে গেল মুহূর্তে। লাল সরণী'র ক্লাবটির ফুটবলাররা যখন ড্রিসিংরুমের দিকে পা বাড়িয়েছেন তখন স্কোরলাইন মহামেডানের বিপক্ষে ০-১।

চলতি শিল্ডে এটাই ছিল মহামেডানের প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে খেলেনি ব্ল্যাক প্যান্থার্স' ব্রিগেড। গ্রুপে একটি ম্যাচ না খেললেও দীর্ঘ চল্লিশ বছরের খরা কাটিয়ে সদ্য কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া মহামেডান শিল্ডের কোয়ার্টার ফাইনালে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নেমেছিল ফেভারিট হিসেবে। গোটা ম্যাচে আজহারউদ্দিন মল্লিক-ব্রেন্ডান ভানলালরেমডিকা'দের পারফরম্যান্সও ছিল চোখ ধাঁধানো। কিন্তু ফিনিশিং-এর অভাবে ডুবতে হল আন্দ্রে চেরনিশভের দলকে। এই ম্যাচে মহামেডান যা সুযোগ পেয়েছিল সেগুলি কাজে লাগাতে পারলে কাশ্মীরের দলটির শিল্ড অভিযান এ দিনই শেষ হয়ে যেত।
ম্যাচের ১৪ মিনিট প্রথম সুযোগ আসে সাদা-কালো দলের সামনে। সহজ সুযোগ হেলায় নষ্ট করেন 'স্পাইডারম্যান' ব্রেন্ডন। ৪৫ মিনিটে আজহারউদ্দিন মল্লিকের একটি শট ফিরে আসে পোস্টে লেগে। এর মাঝে ম্যাচে ৩৩ এবং ৪২ মিনিটে দু'টি একটু কঠিন সুযোগ পেলেও তা থেকে কোনও লাভ তুলতে পারেনি শতাব্দী প্রাচীন এই ক্লাব।
মহামেডান আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে দ্বিতীয়ার্ধে। মুহূর্মুহূ আক্রমণে রিয়াল কাশ্মীর গোলদূর্গ ভাঙার জন্য অল আউট আক্রমণে যায় দীপেন্দু বিশ্বাস-কামারুদ্দিন'দের ক্লাব। কিন্তু রিয়াল গোলরক্ষকের বিশ্বস্ত হাতের সামনে গিয়ে থমকে গিয়েছে বিভিন্ন প্রচেষ্টা। ম্যাচের ৭০ মিনিট থেকে স্ট্র্যাটেজি বদলে আক্রমণের পরবির্তে মাঝামাঠ নিয়ন্ত্রণে রেখে বলের দখল নিজেদের মধ্যে রাখার স্ট্র্যাটেজি নেন মহামেডান কোচ। রিয়াল প্রো ডিফেন্সিভ ফুটবল খেলার ফলে বক্সের মধ্যে মহামেডানের আক্রমণ দানা বাঁধছিল না। উইং থেকে ভেসে আসা ক্রসগুলিও খুব কার্যকরী হয়ে উঠছিল না।
পুরো ম্যাচ মহামেডান নিয়ন্ত্রণ করলেও প্রতিআক্রমণ নির্ভর রিয়াল প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। দুই দলের কয়েকটি আক্রমণছাড়া দ্বিতীয়ার্ধের পুরোটা খেলাটাই সীমিত ছিল মাঝমাঠে। ৯০ মিনিট শেষেও খেলার ফল একই থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ৩০ মিনিটের ভুল করে বসে আসির আক্তার-ওনান'রা। অতিরিক্ত সময়ের আট মিনিটে অর্থাৎ ম্যাচে ৯৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত শটে গোল করে রিয়াল'কে এগিয়ে দেন লালচওয়ানকিমা। তরুণ মিডিও'কে কভার নেওয়ার মতো ডিফেন্সের কোনও ফুটবলারই ছিল না সামনে।
বক্সের মধ্যে ডিফেন্সিভ অর্গানাইজেশন ঠিক থাকলে বলটাই সাতো না কিমার কাছে। শিল্ডে নিজেদের প্রথম ম্যাচেই বিদায় নিতে হলেও দলের ফুটবলারদের লড়াইয়ে খুশি সাদা-কালো কোচ। আই লিগের আগে এটাই ছিল মহামেডানের শেষ টুর্নামেন্ট। চেরনিশভের জামানায় কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ডুরান্ড কাপে রানার্স হয়েছে মহামেডান।












Click it and Unblock the Notifications