Mohammedan Sporting Club: নতুন রূপে মহমেডান তাঁবু, উদ্বোধনেও থাকছে চমক
নতুন রূপে মহমেডান তাঁবু। রেডরোডের ধারে শতাব্দী প্রাচীন ক্লাবকে এক ঝলকে দেখলে ভুল হতেই পারে। পুরানো তাঁবু সম্পূর্ণ রূপে ভেঙে ফেলে নতুন ভাবে মহমেডান সাজিয়েছে তাদের তাঁবু। নতুন তাঁবুর কাজ সম্পূর্ণ শেষ।
আধুনিকতা, সৌন্দর্য, পরিকাঠামোতে সাদা কালো কিন্তু টেক্কা দিতে পারে ময়দানের বাকি দুই বড় ক্লাবকে। দ্বিতল ক্লাব ভবনে সবথেকে নজর কাড়া বারান্দা । লর্ডসে বলকনির আদলে তৈরি হয়েছে মহমেডানের বারান্দা । তাঁবুর নিচের অংশে করা হয়েছে রেস্টুরেন্টে। যা লিজ নেবে কলকাতার নামি ক্যাটারিং সংস্থা।

তাঁবু তৈরি কিন্তু কবে হবে উধবোধন। ঈদ পেরিয়ে গেলেও কেন এখনও হল না তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধন। এখানেই থাকছে মেগা চমক। মহমেডান কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তাঁবুর উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছেন।
ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এক প্রস্থ কথা হয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আগ্রহী। তবে এখনও সময় দেননি মমতা। তাই মুখ্যমন্ত্রীর সময় মতোই নতুন তাঁবুর উধবোধন হবে।

ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববির কথায়, 'আমরা মুখ্যমন্ত্রীকে দিয়ে তাঁবুর উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও আগ্রহী আমাদের ক্লাব তাঁবু উদ্বোধনের বিষয়ে, তবে তিনি এখনও সময় দিতে পারেননি। সময় দিলেই আমরা অনুষ্ঠান সূচি চূড়ান্ত করব।'
এদিকে নতুন মরসুমের জন্য জার্সি উদ্বোধন হল রবিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ,রহিম নবীর মতো প্রাক্তন ফুটবলাররা এবং ক্লাবের কর্তারা। এবার সাদা কালো দলের অধিনায়ক হলের সামাদ আলি মল্লিক। ইনভেস্টরদের সঙ্গে সমস্যা মিটে গিয়েছে মহমেডান কর্তাদের, ফলে মরসুম শুরুর আগেই কিছুটা স্বস্তি সাদা কালোর অন্দরে।৬ জুলাই নিজেদের ঘরের মাঠে মহামেডান খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। এই ম্যাচও শুরু হবে দুপুর ৩.৩০ থেকে ।












Click it and Unblock the Notifications