লিওনেল মেসি ফের ফিফার বর্ষসেরা, আর্জেন্তিনার জয়জয়কার, বাড়ল কোচ স্কালোনির চুক্তির মেয়াদ
ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদানের অনুষ্ঠানে আর্জেন্তিনার জয়জয়কার। মেসি বর্ষসেরা ফুটবলার, মার্তিনেজ সেরা গোলকিপার, স্কালোনি সেরা কোচ, সেরা ফ্যানের পুরস্কারও আর্জেন্তিনার।
লিওনেল মেসি প্রত্যাশিতভাবেই হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার। প্যারিসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়জয়কার আর্জেন্তিনার। লিওনেল স্কালোনি হলেন পুরুষ ফুটবল দলের বর্ষসেরা কোচ। তিনি ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত বিশ্বজয়ী আর্জেন্তিনার কোচ থাকছেন। ফলে স্কালোনির জন্য জোড়া সুসংবাদ।

মেসির মুকুটে নয়া পালক
লিওনেল মেসির সঙ্গে বর্ষসেরা হওয়ার দৌড়ে ছিলেন কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। যদিও বিশ্বকাপ না খেলতে পারায় ব্যালন ডি'অর-জয়ী বেঞ্জেমা পিছিয়েই ছিলেন। বিশ্বকাপ জেতার জন্য মেসিই এবার বর্ষসেরা হবেন বলেন বলে মনে করছিল ফুটবল মহল। সেটাই হলো। এমবাপে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে মেসিকে টেক্কা দিয়ে সোনার বুট (সর্বাধিক গোলের জন্য) পেয়েছিলেন। যদিও ফের ফিফার বর্ষসেরা পুরস্কারের দখল নিলেন মেসি। ২০১৯ সালে শেষবার ফিফা বর্ষসেরা হয়েছিলেন আর্জেন্তিনার অধিনায়ক।

ফিফার বর্ষসেরা
ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগাগোড়া পিএসজি সতীর্থ তথা ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপের পাশেই বসে ছিলেন মেসি। পুরস্কার নিয়ে তিনি বলেন, অসাধারণ লাগছে। একটা দারুণ বছর কাটিয়েছি। পুরস্কার নিয়ে এখানে দাঁড়াতে পেরে খুবই সম্মানিত। যাঁদের ছাড়া এখানে আসা সম্ভব ছিল না সেই স্কালোনি ও সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বকাপ জয়ের অনুভূতির কথা জানিয়ে মেসি বলেন, দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখে এসেছি তা পূরণ হয়েছে। সব ফুটবলারই এই স্বপ্ন দেখেন। কিন্তু খুব অল্প সংখ্যক ফুটবলারেরই তা পাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে, সেই নিরিখে নিজেকে ভাগ্যবান মনে করছি।
|
স্কালোনির জোড়া সুসংবাদ
আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি ফিফার বর্ষসেরা কোচের সম্মান পেয়েছেন। এদিনই তাঁকে ২০২৬ সাল অবধি আর্জেন্তিনার কোচ হিসেবে রাখার চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করেছে সে দেশের ফুটবল সংস্থা। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আর্জেন্তিনার ফুটবলারদের কথাও উল্লেখ করেছেন স্কালোনি। কেন না, তাঁদের ছাড়া কিছুই অর্জন করা সম্ভব হতো না বলে মনে করেন তিনি। ইতালির বিরুদ্ধে ফাইনালিসিমাও জেতে আর্জেন্তিনা। স্কালোনির প্রশিক্ষণাধীন আর্জেন্তিনা ৫৭ ম্যাচে ৩৭টিতে জিতেছে, ড্র করেছে ১৫টি ম্যাচ। আর্জেন্তিনার ফুটবল ভক্তরা বেস্ট ফ্যান পুরস্কার জিতে নিয়েছেন। বর্ষসেরা গোলকিপার হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ।

মহিলাদের সেরা অ্যালেক্সিয়া
বার্সেলোনা খেলা স্পেনের ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas) গত বছর ব্যালন ডি'অর খেতাব জিতেছিলেন। এবার পেলেন ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার। মহিলাদের সেরা গোলকিপারের পুরস্কারটি পেয়েছেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস। মহিলাদের বর্ষসেরা কোচ ইংল্যান্ডের সেরিনা উইগম্যান। ফিফার বিচারে সেরা গোল মার্সিন ওলেক্সির, তিনি পেলেন পুসকাস পুরস্কার। ফিফা ফেয়ার প্লে পুরস্কারটি পেয়েছেন লুকা লোকোশভিলি।












Click it and Unblock the Notifications