Euro 2020: দুরন্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, দেশঁ-র জোড়া ফলা এমবাপে-কান্তে
জার্মানির বিরুদ্ধে ইউরো অভিযান শুরুর আগে আর কিছুক্ষণের মধ্যেই বুলগেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। করিম বেঞ্জেমার প্রত্যাবর্তনে নিঃসন্দেহে শক্তি বেড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। কোচ দিদিয়ের দেশঁ-র বিরল নজির গড়ার ক্ষেত্রে তুরুপের তাস এমবাপে ও কান্তে।

দুরন্ত ফর্মে কান্তে
ফ্রান্সের অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন দিদিয়ের দেশঁ। ২০০০ সালে জিতেছিলেন ইউরোতেও। কোচ হিসেবে ফ্রান্সকে ২০১৮ সালের বিশ্বকাপ জিতিয়েছেন দেশঁ। এখন ইউরো জিতে বৃত্ত সম্পূর্ণ করতে চান। এই লক্ষ্যে তাঁর বড় ভরসা হতে চলেছেন এমবাপে। তবে স্বস্তিতে রাখবেন আরও একজন। তিনি হলেন কান্তে। চেলসিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পিছনে বড় অবদান ছিল এন'গোলো কান্তে-র। দুই লেগের সেমিফাইনাল ও ফাইনালের নায়কও তিনিই। লেস্টার সিটির পর চেলসিতেও তিনি রয়েছেন দুরন্ত ফর্মে। দেশঁ-র মতে ব্যালন ডি'অর দেওয়া উচিত কান্তেকেই।

ভরসা এমবাপে
ইউরোতে সকলের নজরে থাকবেন প্যারিস সাঁ জারমাঁ বা প্যারিস সাঁ জাঁ-র হয়ে দুরন্ত ছন্দে থাকা এমবাপে। বিশ্বকাপে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাওয়ার পর গত তিন বছরে অপ্রতিরোধ্য গতি, দ্রুত সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা এবং তা কাজে লাগিয়ে গোল করার দক্ষতা তাঁকে বিশ্বের অন্যতম তারকাতে পরিণত করেছে। এমনকী মেসি-রোনাল্ডোদের পরবর্তী জমানায় এমবাপে অনেকবার ব্যালন ডি'অর পাবেন বলে মনে করছেন ফুটবল মহল। তিনি পিএসজিতেই থাকবেন বলে দাবি করছেন ক্লাবকর্তারা। তবে আরও কিছু ক্লাব ইতিমধ্যেই এমবাপেকে পেতে ঝাঁপিয়েছে। এই পরিস্থিতিতেও ইউরোর আগে দলবদলের জল্পনা এমবাপের ফোকাস কোনওভাবেই নষ্ট করছে না বলে দাবি করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। ওয়েলসের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে গোলও করেছিলেন এমবাপে।

ফ্রান্সের খেলা
১৫ জুন মিউনিখে জার্মানি ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে গ্রুপ এফ-তে থাকা ফ্রান্স। এই ম্যাচটি অবশ্য ভারতীয় সময়ানুসারে হবে ওইদিন মধ্যরাতের পর অর্থাৎ ১৬ জুন রাত সাড়ে ১২টায়। ফ্রান্সের পরের দুটি ম্যাচ বুদাপেস্টে। ১৯ জুন ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হাঙ্গেরির বিরুদ্ধে। ২৩ জুন পর্তুগালের বিরুদ্ধে খেলবে ফ্রান্স, এই ম্যাচটি ভারতীয় সময়ানুসারে ওইদিন মধ্যরাতের পর অর্থাৎ ২৪ জুন রাত সাড়ে ১২টায়।

সম্ভাব্য একাদশ
বিশ্বচ্যাম্পিয়নদের তারকাখচিত দলের প্রথম একাদশ পরিষ্কার হতে পারে বুলগেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই। মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে গোলকিপার হুগো লরিস ও ডিফেন্সে বেঞ্জামিন প্যাভার্ড, রাফায়েল ভারানে, প্রেসনেল কিম্পেম্বে ও লুকাস হার্নান্দেজ শুরু করবেন। মাঝমাঠে এন'গোলো কান্তে, পল পগবা, কিংস্লে কোমান ও আন্তোনিও গ্রিজম্যান। কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা থাকবেন আক্রমণভাগে। বেঞ্জেমা অবশ্য ওয়েলসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। ওই ম্যাচে গ্রিজম্যান আর উসমান দেম্বেলে গোল করেছিলেন। জিরু, থুরামও রয়েছেন। তবু বেঞ্জেমাই থাকতে পারেন প্রথম একাদশে।












Click it and Unblock the Notifications