পাহাড়ে ঝড় মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে টপকে গেল সবুজমেরুন
শিলং লাজংয়ের বিরুদ্ধে লড়ল শংকরলাল চক্রবর্তীর ছেলেরা।
আই লিগে ফের একবার পাহাড়ি বাতাসকে আটকে দিল মোহনবাগান। শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচে দারুণ পারফরম্যান্স শংকরলাল চক্রবর্তীর ছেলেদের। এদিন পাহাড়ে নিজেদের মাঠে মোহন রক্ষণে একের পর এক আক্রমণ আছড়ে পড়ে। এদিন ৩-০ গোলে শিলং লাজং কে হারাল বাগান। বাগানের হয়ে গোল ডিকা, আক্রম, শেখ ফৈয়াজের।

লিগের দৌড়ের আশা জিইয়ে রাখতে হলে এবার একের পর এক ম্যাচে জয় ছাড়া বিশেষ কোনও রাস্তা খোলা নেই মোহনবাগানের। আর এই কথাটা দলের ফুটবলারদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন কোচ শংকরলাল চক্রবর্তী। এদিন শুরু থেকে আক্রমণ শানায় মোহনবাগান। এদিন দীর্ঘদিন বাদে চোট কাটিয়ে বাগান জার্সিতে মাঠে নামেন জাপানি ইউটা কিনোয়াকি। চোট কাটিয়ে ফিরিয়ে ৮৩ মিনিটে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়েন এই বিদেশি। এই মরশুমে সেভাবে এই জাপানিকে ব্যবহারই করতে পারেনি মোহনবাগান। এদিনই তাঁকে প্রথম খেলানো গেল।
বাগানের আক্রমণের সুফল পাওয়া যায় ৩০ মিনিটে। ডার্বি ম্যাচের জোড়া গোলের নায়ক ডিপান্ডা ডিকা এদিন গোল করেন। ক্য়ামারন ওয়াটসনের কর্নার দুরন্ত হেডে গোলে ঢুকিয়ে দেন ডিকা। এই নিয়ে এবারের আই লিগে ৮ টি গোল করে ফেললেন ডিকা। প্রর্থমার্ধে ১-০ গোলে এগিয়ে ম্যাচ শেষ করে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণের ধার বজায় রেখেছিল মোহনবাগান। পাহাড়ি পরিস্থিতিকে আয়ত্তে তিন পয়েন্টের মরিয়া লড়াই চোখে পড়ছিল। এদিকে এদিন বারাবার গোলমুখের সামনে চলে গেলেও বাগানের লেবানিজ বিদেশি আক্রম গোল করতে পারছিলেন না। কিন্তু ৮৬ মিনিটে তিনি গোলমুখ খুঁজে পান। রেনিয়েরের বাড়ানো বল বাঁ পায়ে গোলে ঢুকিয়ে দেন তিনি। সবুজমেরুন জার্সিতে এটা প্রথম গোল আক্রমের।
এদিকে এর তিন মিনিটের মধ্যে ফের গোল করে মোহনবাগান। শেখ ফৈয়াজ কাউন্টার অ্যাটাকে ফের গোল করে যান। খেলা শেষ হয় এই ৩-০ গোলেই।
এদিনের জয়ের ফলে ১২ ম্যাচের ৫ টি জিতে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে উঠে এল। টপকে গেল ইস্টবেঙ্গলকে।












Click it and Unblock the Notifications