ম্যানচেস্টার সিটি অপ্রতিরোধ্য, রিয়াল মাদ্রিদ চূর্ণ! চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেপের দলের সামনে ইন্টার
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে ম্যানচেস্টার সিটি। ১০ জুন হবে সেই ফাইনাল। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ম্যান সিটি। জয় ছিনিয়ে নিল ৪-০ গোলে।
এই দুই দলের সেমিফাইনালের প্রথম পর্ব ১-১ গোলে অমীমাংসিত ছিল। দ্বিতীয় লেগের ফলাফলের পর গোলপার্থক্য দাঁড়ায় ৫-১। দুই অর্ধেই দুটি করে গোল হয়েছে। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের।

রিয়াল মাদ্রিদ পরিচিত চ্যাম্পিন্স লিগের রাজা হিসেবে। তাদের বিরুদ্ধে পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণাধীন দল প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ বল দখলে রাখল। টনি ক্রুসের শট ক্রসবারে লাগা, কিংবা ডেভিড আলাবার ফ্রি কিক বাঁচানো ছাড়া ম্যান সিটিকে তেমন পরীক্ষার মুখেই পড়তে হয়নি। বার্নার্দো সিলভা ২৩ ও ৩৭ মিনিটে দুটি গোল করেন।

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রেখে আরও দুটি গোল পেয়ে যায় ম্যান সিটি। ৭৬ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি ও ইনজুরি টাইমে হুলিয়ান আলভারেজের গোল ৪-০ ব্যবধানে জয় সুনিশ্চিত করে দেয়। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পাশাপাশি এবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের হাতছানি ম্যান সিটির সামনে। এই তিনটি খেতাব জিতলে তারা ছুঁয়ে ফেলবে ম্যান ইউ-র কীর্তি।
১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর একই মরশুমে এই তিনটি খেতাব জেতার মুখে সিটি। শেষ ২৩টি ম্যাচে তারা অপরাজেয়। তার মধ্যে গতকালেরটি নিয়ে ১৯টি ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে এত বড় ব্যবধানে জয় আসবে সেটা অনেকেই ভাবেননি। তবে এই জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল ম্যান সিটির।

১০ জুন ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে ফাইনালে ফেভারিট হিসেবেই নামবে সিটি। এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি যে ইউরোপের সেরা দল তা নিয়ে সন্দেহ নেই বিশেষজ্ঞদের। ২০২১ সালে পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির কাছে পরাস্ত হয়েছিল ম্যান সিটি। এবার ফাইনালের আগে বেশ সতর্ক গুয়ার্দিওলা।
ম্যান সিটির ম্যানেজার সেমিফাইনাল জেতার পর বলেছেন, সত্যি কথা বলতে গেলে ইতালির দলের বিরুদ্ধে ফাইনাল সেরা উপহার নয়। প্রতিদ্বন্দ্বী হিসেবে খুবই ভালো দল ইন্টার। আমাদের মানসিকভাবে ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে। ফাইনালে ওঠা নিশ্চিতভাবেই সেলিব্রেট করার মতো, তবে এবার হচ্ছে না। কারণ, রবিবারই প্রিমিয়ার লিগ জেতার মুখে দল।

তিনবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ইন্টার মিলান সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হারিয়েছিল এসি মিলানকে। বুধবার দ্বিতীয় লেগে জয় এসেছে ১-০ গোলে। ৩-০ গোলপার্থক্য নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গিয়েছে মিলান।












Click it and Unblock the Notifications