EPL: হালান্ডের জোড়া গোলে জিতল ম্যান সিটি, লিগে প্রথম হারের মুখ দেখল লিভারপুল
ম্যান ইউয়ের জয় পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জিতল ম্যান সিটিও। শনিবার ইপিএলের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে দিল সিটিজেনরা। সেই সঙ্গে পর পর চার ম্যাচে জিতল সিটি। শীর্ষস্থান মজবুত করল পেপ গুয়ার্দিওলার দল।
শনিবার ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচের শুরুটা হয়েছিল একেবারেই অন্য রকমভাবে। ম্যাচের শুরুতেই ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন ইয়নে উইসা। ২২ সেকেন্ডে করা ব্রেন্টফোর্ডের গোলটি এবারের প্রিমিয়ার লিগের দ্রুততমই নয়, লিগ ইতিহাসে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেই দ্রুততম। কিন্তু শুরুতে গোল খেলেও চাপে পড়েনি ম্যান সিটি, কারণ হালান্ড যে আছেন। ফের একবার জ্বলে উঠলেন সিটির তারকা স্ট্রাইকার।

ম্যাচের ১৯ মিনিটে প্রথমে গোল শোধ করলেন হালান্ড, এরপর ৩২ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দিলেন। এরপর গোটা ম্যাচে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি সিটির ফুটবলাররা। ফলে ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ল ম্যান সিটি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থাকল সিটি।
এই ম্যাচে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে একটি রেকর্ডের মালিক হলেন হালান্ড। ২৪ বছর বয়সী ম্যান সিটির স্ট্রাইকার মরশুমের প্রথম চার ম্যাচেই ৯ গোল, প্রিমিয়ার লিগে এমন কীর্তি আর কোন ফুটবলারের নেই। আন্তর্জাতিক বিরতির আগে ইপসউইচ টাউন এবং ওয়েস্ট হামের বিপক্ষে টানা দুই হ্যাটট্রিকে মাঠ ছেড়েছিলেন হালান্ড। এই ম্যাচেও হ্যাটট্রিক করতে পারতেন।
ম্যান সিটিকে পয়েন্টের নিরিখে প্রথম থেকেই টক্কর দিচ্ছিল লিভারপুল। টানা তিনটি ম্যাচ জিতেছিল। কিন্তু শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে হেরে গেল লিভারপুল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল মহম্মদ সালাহ্দের। ম্যাচের ৭২ মিনিটে একমাত্র গোল করেন ফরেস্টের হাডসন ওডোই। ০-১ গোলে হারে লিভারপুল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে আপাতত ২ নম্বরে থাকল লিভারপুল।












Click it and Unblock the Notifications