ক্রিকেটের পর ফুটবলেও হায়দরাবাদে আজ কেরল বধ! বাংলা সন্তোষ ট্রফি জেতায় উচ্ছ্বসিত মমতা, অভিষেকের আনন্দ দ্বিগুণ
Santosh Trophy: ক্রিকেট থেকে ফুটবল। কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলা আজ দু-বার হারাল কেরলকে। প্রথমে বিজয় হাজারে ট্রফিতে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে বাংলা।
এরপর কেরলকে হারিয়ে ২০১৬-১৭ মরশুমের পর ফের বাংলা জিতল সন্তোষ ট্রফি। এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হলো বাংলা।

ইংরেজি বছরের শেষ দিনে বাংলার এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ৮ বছর অপেক্ষার পর বাংলা ঐতিহ্যশালী সন্তোষ ট্রফিতে নিজেদেরই রেকর্ড ভেঙে ৩৩তম খেতাব জয় নিশ্চিত করল। ফলে ২০২৫ সাল বাংলার ফুটবল দারুণভাবে শুরু করতে চলেছে।
After an 8-year wait, Bengal football begins 2025 on a triumphant note by reclaiming the prestigious Santosh Trophy for a record-breaking 33rd time!
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2024
This incredible victory was sealed by the sensational strike from Robi Hansda, who also earned the Golden Boot with a stunning…
মমতা লিখেছেন, রবি হাঁসদার অনবদ্য গোলে বাংলা সন্তোষ ট্রফি খেতাব জিতল। রবি ১২টি গোল করে এবারের টুর্নামেন্টে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছেন। যার সুবাদে তিনি সোনার বুট পেয়েছেন কোচ সঞ্জয় সেন, অধিনায়ক চাকু মান্ডি-সহ গোটা দল, টিম ম্যানেজমেন্ট, কোচিং ও ট্রেনিং স্টাফদের এই ঐতিহাসিক কীর্তির জন্য আন্তরিক অভিনন্দন।
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ভারতীয় ফুটবলের ভরকেন্দ্র বাংলা। সেই উজ্জ্বলমল ধারা অব্যাহত থাকুক। আগামী দিনেও নিশ্চিতভাবে আমরা সকলে গৌরবময় আরও নানা মুহূর্তের সাক্ষী থাকতে পারব।
সন্তোষ ট্রফিতে বাংলার সাফল্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়তি তৃপ্তি ও আনন্দ। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক এক্স হ্যান্ডলে লেখেন, রেকর্ড ৩৩ বারের জন্য সন্তোষ ট্রফি জিতে বাংলা নিজেদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জয়সূচক গোলটি করেছেন রবি হাঁসদা।
Bengal has once again etched its name in history by clinching the Santosh Trophy for a record 33rd time, defeating Kerala in a hard-fought final with a solitary goal by Robi Hansda.
— Abhishek Banerjee (@abhishekaitc) December 31, 2024
This victory feels personal as six players from Diamond Harbour Football Club (DHFC) – Naro Hari… https://t.co/QXP5TPKOtc
অভিষেক বাংলার এই সাফল্যে ব্যক্তিগতভাবেও আনন্দে একাত্ম হয়ে গিয়েছেন। তার কারণ উল্লেখ করে অভিষেক লিখেছেন, সন্তোষ ট্রফি-জয়ী বাংলা দলে ডায়মন্ড হারবার এফসি-র ৬ ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে চারজন আজকের ম্যাচে খেলেছেন।
অভিষেকের ডায়মন্ড হারবার এফসির যে ৬ ফুটবলার বাংলা দলে রয়েছেন তাঁরা হলেন, নরহরি শ্রেষ্ঠা, রবিলাল মান্ডি, অয়ন মণ্ডল, সুপ্রিয় পণ্ডিত, বিশাল দাস ও সুপ্রদীপ হাজরা। অভিষেকের কথায়, আমার সব সময়ই লক্ষ্য থাকে আমাদের ফুটবলারদের মঞ্চ তৈরি করে দিতে যাতে তাঁরা নিজেদের দক্ষতা মেলে ধরতে পারেন, জাতীয় স্তরে উজ্জ্বল হয়ে উঠতে পারেন। রাজ্যকে এভাবে সাফল্যের শিরোপা এনে দিতে পারাটা খুবই তৃপ্তির। কোচ সঞ্জয় সেন, ম্যানেজমেন্ট, কোচিং ও ট্রেনিং স্টাফদের সকলকে অভিনন্দন জানিয়ে অভিষেক পোস্টের শেষে লিখেছেন, জয় বাংলা।
বাংলা দল কাল রাত ৮টায় দমদম বিমানবন্দরে নামবে। রাজ্য সরকার ও আইএফএ-র তরফে সংবর্ধিত করা হবে ভারত-সেরা বাংলা দলকে। প্রাক্তন বিশ্বকাপজয়ীকে দিয়ে বাংলা দলকে সংবর্ধনা দেওয়ার বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত।












Click it and Unblock the Notifications