মা ছিলেন মোহনবাগান সমর্থক, ফুটবলের জন্য ডিভোর্স হতে চলেছিল দাদার! গোপন কথা ফাঁস মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল নানা অজানা কথা। মোহনবাগান তাঁবুতে গিয়ে আইএসএল-জয়ী এটিকে মোহনবাগানকে এদিন সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁর বক্তব্যে উঠে আসে পুরানো দিনের কথা। তাঁর পরিবারের সঙ্গে ফুটবলের সম্পর্ক কতটা গভীর, সেটাই এদিন সভামঞ্চে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

মোহনবাগানে স্মৃতিমেদুর মমতা
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে গোষ্ঠ পালের কথা। খালি পায়ে শিল্ড জেতার কথা। এরপরই তিনি বলেন, ছোটবেলার কথা আপনাদের বলি। মা খুব খেলা দেখতেন। তিনি মোহনবাগানের খেলা থাকলেই কালীঘাটে পুজো দিতেন। আমি কার সাপোর্টার তা বলছি না। আমি সবার সাপোর্টার। আমার দাদা (অজিত বন্দ্যোপাধ্যায়) মোহনবাগানের সমর্থক। তিনি ইস্টবেঙ্গলে এখন রয়েছে। সত্যি কথা স্বীকার করতে তো কোনও দোষ নেই।

ফুটবলের সঙ্গে যোগ পরিবারের
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দাদার সংসার ভাঙতে বসেছিল এই ফুটবলের জন্য। সারাক্ষণ খালি ফুটবল আর ফুটবল। একদিন বৌদি বলল, আমি ডিভোর্স দিয়ে দেব! কারণ জানতে চাইলে বলল, বাড়িতে একদম সময় দেন না। খালি ফুটবল নিয়েই মেতে থাকে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের পাড়ায় একটি ছোট ক্লাব রয়েছে। নাম কালীঘাট মিলন সংঘ, সুপার লিগে খেলে এখন। ইতিহাস ঘেঁটে দেখলাম আমার বাবা স্বাধীনতার আগে এই ক্লাবের সভাপতি ছিলেন। ফলে আমার পরিবার এমনিতেই ফুটবলের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত।

ছোট ভাইকে রাজনীতিতে চাননি দিদি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষের পরেই ক্লাব সভাপতি স্বপনসাধন বসু বলেন, "দিদি আমাকে বলেছিলেন আমি চাই না আমার ছোট ভাই রাজনীতিতে আসুক। বাবুনকে ফুটবল মাঠে নিয়ে আসার কথা বলেছিলেন দিদি। তাঁর শুনে ভালো লাগবে বাবুন আর শুধু ফুটবল মাঠে সীমাবদ্ধ নেই। রাজ্য হকি সংস্থার পদে রয়েছেন। অলিম্পিক সংস্থাতেও যুক্ত রয়েছেন। ক্লাবের হকিও বাবুনই দেখে।" অনুষ্ঠান শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী মোহন-সমর্থকদের দিয়ে কয়েকটি ফুটবল ছুড়ে দেন।

মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা
উল্লেখ্য, এটিকে মোহনবাগান আইএসএল খেতাব জেতার পরই টুইটে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে যখন তাঁর কথা হয় তখন তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন নবান্নে গিয়ে ট্রফিটি তাঁর হাতে তুলে দেবেন। মুখ্যমন্ত্রী তখন নিজেই বলেছিলেন মোহনবাগান তাঁবুতে আসবেন। আজ ফুটবলার, কোচ-সহ সাপোর্ট স্টাফদের সংবর্ধিত করার পাশাপাশি রাজ্য সরকারের তরফে মোহনবাগান ক্লাবকে ৫০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক স্তরে মোহনবাগান সুপার জায়ান্টস সাফল্য পাবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications