লিও মেসি নন, দশ নম্বর জার্সির মান রাখলেন লুকা মডরিচ
মেসিকে সব অর্থেই ছাপিয়ে গিয়ে গোল করে, করিয়ে দেশকে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তুলে নিয়ে গেলেন মডরিচ।
অধিনায়কের মতো খেললেন লুকা মডরিচ। ক্রোয়েশিয়ার নির্ভরযোগ্য এই খেলোয়াড় যেন দলের কাছে অনন্য উদাহরণ তৈরি করলেন। বিপক্ষ দলের আর একজন খেলোয়াড় ছিলেন যিনি দশ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। তিনি লিওনেল মেসি। তবে মেসিকে সব অর্থেই ছাপিয়ে গিয়ে গোল করে, করিয়ে দেশকে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তুলে নিয়ে গেলেন মডরিচ।

এদিন প্রথমার্ধে আর্জেন্তিনা যেমন সুযোগ পায়নি, তেমনই সুযোগ তৈরি করতে পারেনি মডরিচ, রেবিচরাও। তবে দ্বিতীয়ার্ধে নামতেই খেলা খুলে গেল ক্রোয়েশিয়ার। অ্যাটাকের পাশাপাশি মাঝমাঠে কড়া ট্যাঁকলে আর্জেন্তিনীয় খেলোয়াড়দের আটকে দিলেন ব্রোসোভিচ, রাকিটিচরা। আর তাঁদের পেরিয়ে ক্রোয়েশিয়া বক্স পর্যন্ত গেলে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ ভিদা। কঠিন কতগুলি শট বাঁচিয়ে শেষ প্রহরীর কাজ করলেন তিনি।
এদিন দ্বিতীয়ার্ধ যত এগিয়েছে ততই খেলায় জাঁকিয়ে বসে ক্রোয়েশিয়া। মেসিকে আটকে দিয়ে প্রতি আক্রমণ তো বটেই, সরাসরি আক্রমণেও একসময় নীল-সাদা জার্সিকে নাজেহাল করে দিয়েছিলেন মন্ডজুভিচ, পেরিসিচ, মডরিচরা।
এই করতে গিয়েই ৫৪ মিনিটের মাথায় রেবিচ বিপক্ষ গোলকিপারের ভুলে গোল করে যান। তারপরে ৭৯ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে অনবদ্য গোল করে এগিয়ে দেন অধিনায়ক লুকা মডরিচ। অনবদ্য শটে পরাস্ত করেন গোলকিপারকে। এই টুর্নামেন্টের েখনও অবধি অন্যতম সেরা গোল মডরিচ এদিন করেন।
দেশের হয়ে দশ নম্বর জার্সিতে নেমে মেসি এদিন যা করতে পারলেন না, ক্রোয়েশিয়ার হয়ে মডরিচ সেটাই করে দেখালেন। গোল করে, করিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে চলে গেলেন। আর ম্যাচ হেরে আর্জেন্তিনা বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে পড়ল।












Click it and Unblock the Notifications