৭ ম্যাচ বাকি থাকতেই ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল, গড়ল অনন্য রেকর্ড
৭ ম্যাচ বাকি থাকতেই ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল, গড়ল অনন্য রেকর্ড
সাত ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগ খেতাব জিতে নয়া রেকর্ডের মালিক হল লিভারপুল এফসি। ৩০ বছর পর খেতাব জিতে আনন্দে আত্মহারা য়ুর্গেন ক্লপ শিবির। লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে মহম্মদ সালাহদের পয়েন্টের পার্থক্য ২৩। অবশিষ্ট সাত ম্যাচে সেই পয়েন্টের ব্যবধান ঘোঁচানো আর সম্ভব নয়।

লিভারপুলের বড় জয়
বৃহস্পতিবার দর্শকশূন্য আনফিল্ড স্টেডিয়ামে ক্রিস্টার প্যালেসের বিরুদ্ধে খেলতে নেমেছিল লিভারপুল। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে মহম্মদ সালাহরা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন য়ুর্গেন ক্লপ শিবির। ম্যাচের ২৩ মিনিটের মাথায় লিভারপুলের প্রথম গোলটি আসে আলেকজান্ডার আর্নোল্ডের বুট থেকে। ৪৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন মহম্মদ সালাহ। ৫৫ ও ৬৯ মিনিটে যথাক্রমে লুইস ফ্যাবিয়ানো ও সাদিও মানের গোল লিভারপুলের বড় ব্যবধানের জয় নিশ্চিত করে।

ম্যান সিটির হার
ইপিএলের অন্য ম্যাচে চেলসির বিরুদ্ধে হেরে যায় ম্যাঞ্চেস্টার সিটি। তবে দুই দলের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হয়। ৩৬ মিনিটে পুলিসিচের গোলে এগিয়ে যায় চেলসি। ৫৫ মিনিটে গোল শোধ দেন ম্যান সিটির কেভিন ডে ব্রুইন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে চেলসির জয় নিশ্চিত করেন ব্রাজিলের উইলিয়ান। এরপরেই লিভারপুলের খেতাব জয় নিশ্চিত হয়ে যায়।

সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন
ইপিএলে ৩১ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট রয়েছে লিভারপুলের ঝুলিতে। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটিও সমপরিমাণ ম্যাচ খেলে ৬৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য ২৩। অবশিষ্ট সাত ম্যাচে সেই ব্যবধান ঘোঁচানো সম্ভব নয়।

লিভারপুলের রেকর্ড
৩১ ম্যাচের মধ্যে ২৮টিতে জিতে লিগ জয়ের গতির নিরিখে ম্যাঞ্চেস্টার সিটি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পুরনো যুগ্ম রেকর্ড ভেঙে দিয়েছে লিভারপুল। একই সঙ্গে ম্যান সিটি-র ১০০ পয়েন্টের রেকর্ডও ভাঙার পথে এগোচ্ছে য়ুর্গেন ক্লপের দল। তা সম্ভব বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।

৩০ বছর পর খেতাব
১৯৮৯-১৯৯০ মরশুমে শেষবার প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। তা ছিল পুরনো ফর্ম্যাটের টুর্নামেন্ট। প্রিমিয়ার লিগের নতুন ডিভিশন চালু হওয়ার পর এটাই প্রথম খেতাব লিভারপুলের। সব মিলিয়ে এটি ক্লাবের ১৯তম খেতাব।












Click it and Unblock the Notifications