সালাহ ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এক পা বাড়িয়ে রাখল লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচ রোমাকে ৫-২ গোলে হারিয়ে দিল লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা পাকা করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল লিভারপুর। মঙ্গলবার গভীর রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে এস রোমাকে ৫-২ গোলে হারিয়ে দিল জর্জেন ক্লপের ছেলেরা। এ দিন ঘরের মাঠে অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় লিভারপুলকে। যার অন্যতম কারণ বিধ্বংসী মেজাজে থাকা মিশরীয় তারকা ফুটবলার মহম্মদ সালাহ।

নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে লিভারপুলকে প্রথম গোলটি এনে দেন তিনিই। ম্যাচের ৩৫ মিনিটে রবার্তো ফিরমিনোর পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ফের সালাহ ম্য়াজিক। এ যেন ঠিক প্রথম গোলের অ্যাকশান রিপ্লে। গোল স্কোরার এবং অ্যাসিস্ট দুই জনেই একই লোক লিভারপুলের দ্বিতীয় গোলের ক্ষেত্রেও। প্রথমার্ধের শেষ মিনিটে রবার্তো ফিরমিনোর বাড়ানো বল ধরে লিভারপুলকে ২-০ গোলের লিড দিয়ে যান সালাহ।
প্রথমার্ধে যে ছন্দে শেষ করেছিল লিভারপুল, ঠিক সেই ছন্দেই শুরু করে দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে লিভারপুলের হয়ে লিড ৩-০ করেন সাদিও মানে। সালাহ-এর পাস ধরে গোল করে যান তিনি। তৃতীয় গোলের রেশ কাটতে না কাটতেই ফের গোল। এ বারও সেই গোলের কারিগর মহম্মদ সালাহ। তাঁর বাড়ানো অনবদ্য পাস থেকে গোল করে লিভারপুলের পক্ষে ব্যবধান ৪-০ করেন রবার্তো ফিরমিনো।
ম্যাচের ৬৮ মিনিটে রোমার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফিরমিনোই। ম্যাচে ৫-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। রোমা সমর্থকেরা যখন ধরেই নিয়েছেন ম্যাচে আর বিশেষ কিছু বেঁচে নেই তাঁদের জন্য তখনই সান্ত্বনা পুরস্কারের মতো দু'টি গোল করে কিছুটা নিজেদের মান রক্ষা করল ইউসেবিও দি ফ্রান্সিস্কোর দল।
ম্যাচের ৮১ মিনিটে গোল করে রোমার হয়ে একটি গোল শোধ করেন এডিন জেকো। জেকোর গোলের তিন মিনিটের মধ্য়ে পেনাল্টি পায় রোমা। ৮৫ মিনিটে গোল করে নিজেদের সম্মান কিছুটা পুনঃরুদ্ধার করেন দিয়েগো পেরোত্তি।
তবে শুধু হারানো সম্মান উদ্ধার করাই নয়, রোমার শেষ দু'টি গোল, ঘরের মাঠে দ্বিতীয় লেগের সেমিফাইনালে লিভারপুলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস জোগাবে রোমাকে। পাশপাশি অ্যাওয়ে ম্য়াচে দুই গোল করে রাখার অ্যাডভান্টেজও পাবে রোমা।
প্রসঙ্গত, এই রোমার কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হয়ে গিয়েছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে বার্সার কাছে ৪-১ গোলে হারতে হলেও দ্বিতীয় লেগে দুরন্ত ভাবে ফিরে আসে রোমা। দ্বিতীয় লেগে তারা বার্সাকে হারিয়ে দেয় ৩-০ গোলে।
ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে প্রায় চলে গেল লিভারপুল এখনও এই রকমটা ভাবার সময় হয়তো আসেনি রেডসদের ফ্যানদের জন্য। দ্বিতীয় লেগে রোমাকে যদি পুরনো ছন্দে পাওয়া যায় তা হলে হিসেব অনেকটাই বদলে যেতে পারে।












Click it and Unblock the Notifications