Lionel Messi: মেসিই পরিত্রাতা! এলএ গ্যালাক্সির ঘরের মাঠে পিছিয়ে পড়েও ড্র ইন্টার মায়ামির
Lionel Messi: চলতি মেজর লিগ সকারে নিজের প্রথম গোলটি করে ফেললেন লিওনেল মেসি। আর তারই সুবাদে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পরাজয় বাঁচাল ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামি।
মেসি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেও গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে কাজে লাগাতে পারেননি। মেসির গোলটি মায়ামি শিবিরে স্বস্তি আনে ইনজুরি টাইমে।
স্থানীয় সময় রবিবার রাতে এলএ গ্যালাক্সির ঘরের মাঠে এমএলএসে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। গ্যালাক্সির হয়ে ফুটবল খেলেছিলেন বর্তমানে ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। মায়ামি বিশ্বের নামজাদা প্লেয়ারদের সই করিয়ে এবার আরও শক্তিশালী হয়েছে।
মেসির সঙ্গেই রয়েছেন সের্হিও বুস্কেতস, লুই সুয়ারেজ, জর্ডি আলবার মতো ফুটবলাররা। ফলে এবার এমএলএস খেতাব জয়ের নিরিখে তারাই ফেভারিট। অন্যদিকে, পাঁচবারের এমএলএস চ্যাম্পিয়ন গ্যালাক্সি দলে এবার তেমন বড় নাম নেই। যদিও আক্রমণাত্মক ফুটবল খেলে মায়ামিকে চাপে রেখেছিল গ্যালাক্সি।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। মায়ামি রক্ষণের উপর লাগাতার চাপ বজায় রাখার সুফল গ্যালাক্সি পায় ৭৫ মিনিটে দেজান জোভেলজিকের গোলের সৌজন্যে। মায়ামির ড্রেক ক্যালেন্ডার ঝাঁপিয়ে পড়ে রিকি পুইগের শট আটকালেও বল পেয়ে যান মার্ক ডেলগাডো। তাঁর পাস থেকেই গোল পান জোভেলজিক।
Taking a point back home +1⃣ pic.twitter.com/WEhLGnAjq2
— Inter Miami CF (@InterMiamiCF) February 26, 2024
৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেলগাদো। এর ঠিক পরেই মেসি সুযোগ নষ্ট করেন। গ্যালাক্সির পেনাল্টি এরিয়ায় আলবার থেকে বল পেয়েও তা তিনকাঠিতে রাখতে পারেননি। এই গোল মিস করার জন্য হতাশা প্রকাশ করতেও দেখা যায় মেসিকে।
এই ম্যাচটি দেখতে মাঠে হাজির ছিলেন ২৭,৬৪২ জন দর্শক। তাঁদের মধ্যে অনেকেই এসেছিলেন মেসি লেখা জার্সি পরে। তাঁদের অবশ্য হতাশ করেননি লিও। ইনজুরি টাইমের দুই মিনিটের মাথাতেই সেই আলবার থেকে বল পেয়ে গ্যালাক্সি গোলকিপার জন ম্যাককার্থিকে পরাস্ত করে ১-১ করে দেন মেসি। উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর ভক্তরা। প্রথম অ্যাওয়ে ম্যাচ ড্র করে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি।













Click it and Unblock the Notifications