বিশ্বকাপে নামা নিয়ে সিদ্ধান্ত নেননি বলে দাবি মেসির, তবে ভারতে খেলার ইঙ্গিত
লিওনেল মেসি আর্জেন্তিনার মাটিতে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেললেন। স্থানীয় সময় বৃহস্পতিবার, ভারতীয় সময় অনুযায়ী আজ ভোরে। ভেনেজুয়েলার বিরুদ্ধে করলেন জোড়া গোল।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচটিতে আর্জেন্তিনা জয় পেল ৩-০ গোলে। তবে তারপরেও আগামী বছরের বিশ্বকাপে নামা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন বিশ্বজয়ী অধিনায়ক। মেসির জোড়া গোলের পাশাপাশি গোল করলেন লৌতারো মার্তিনেজ।
আগামী বছর বিশ্বকাপের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। মেসিকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপে খেলার ব্যাপারে। তিনি বলেন, বয়স আর যুক্তির নিরিখে বিচার করলে আমি হয়তো খেলতে পারি না। তবে অনেক আবেগের বিষয় জড়িয়ে রয়েছে। মাঠে অনেক অভিজ্ঞতার সাক্ষী। আর্জেন্তিনায় দেশের মানুষের সামনে খেলতে পারলে আনন্দিত হই। আর্জেন্তিনার হয়ে বছরের পর বছর ধরে একের পর এক ম্যাচ উপভোগ করি। সবমিলিয়ে ভালো লাগছে। দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ যেভাবে খেলার স্বপ্ন দেখেছিলাম সেটাই হয়েছে।
জোড়া গোল করে দেশকে জেতানোর মধ্যে দিয়েই বিশ্বকাপের মোটিভেশন সঞ্চয় করতে চাইছেন মেসি। তিনি বলেন, আগে বলেছিলাম বিশ্বকাপে হয়তো আর খেলতে পারব না। বয়স, বাস্তবসম্মত নানা বিষয়ের কারণেই সেটা মনে হচ্ছিল। কিন্তু আরেকটা বিশ্বকাপের কাছে পৌঁছে গিয়েছি। ফলে আমি রীতিমতো উত্তেজিত, অনুপ্রেরণাও পাচ্ছি বিশ্বকাপ খেলার ব্যাপারে। তবে আমি প্রতিটি দিন ধরে এগোতে চাই। দেখতে চাই কেমন থাকি। তার উপরেই সব কিছু নির্ভর করবে বলে ইঙ্গিত দেন মেসি।
মেসির কথায়, আমি ভালো থাকার চেষ্টা করছি। নিজের প্রতি সৎ থেকে। ভালো থাকলে, সব কিছু উপভোগ করলে ঠিক আছে। কিন্তু আমি ভালো না থাকলে, সময় ভালো না গেলে বিশ্বকাপে থাকব না, এটাও বলে দিতে পারি। এখনও বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিইনি।
উল্লেখ্য, ২০০৬ সালে ১৮ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক হয়েছিল মেসির। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিয়মরক্ষার ইকুয়েডর ম্যাচ তিনি খেলবেন না। বিশ্রাম নিতে চাইছেন মেসি। তাঁর হ্যামস্ট্রিং চোট রয়েছে। তবে ভারতে যে তিনি খেলবেন সেই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, অক্টোবরে ফ্রেন্ডলি ম্যাচে আবার মাঠে নামবেন। তার আগে মেজর লিগ সকার জেতাও লক্ষ্য।













Click it and Unblock the Notifications