Lionel Messi: এগারো মিনিটেই হ্যাটট্রিক সম্পন্ন মেসির, মেজর লিগ সকারে নয়া রেকর্ড গড়ল ইন্টার মায়ামি
কয়েকদিন আগেই জাতীয় দলের জার্সিতে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মেসি, সেই রেশ কাটতে না কাটতেই ফের হ্যাটট্রিক করলেন এলএমটেন। এবার ক্লাব দল ইন্টার মায়ামির হয়ে। মেসি ম্যাজিকে ভর করে শুধু বড় ব্যবধানে জয়ই পেল না ইন্টার মায়ামি, একইসঙ্গে মেজর লিগ সকারে নয়া রেকর্ডও গড়ল।
রবিবার সকালে(ভারতীয় সময় অনুসারে) মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে ৬-২ গোলে জয় পেল মেসি ব্রিগেড। কিন্তু টাটা মার্টিনো প্রথম একাদশেই রাখেননি মেসিকে। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামলেন নিখুঁত হ্যাটট্রিকও করলেন। সেইসঙ্গে দলকে রেকর্ড গড়তে সাহায্য করলেন।

সদ্য আন্তর্জাতিক ম্যাচ খেলায় ক্লান্তির কারণে মেসিকে প্রথম একাদশে রাখেননি কোচ টাটা মার্টিনো। ফলে আক্রমণভাবে ভরসা ছিলেন শুধু সুয়ারেজ। ম্যাচের ২ মিনিটের মধ্যেই নিউ ইংল্যান্ড দল এগিয়ে যায়। ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করে নিউ ইংল্যান্ড ক্লাব। কিন্তু এরপরেই দুরন্তভাবে খেলায় ফিরে এল ইন্টার মায়ামি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ইন্টার মায়ামিকে খেলায় ফেরালেন সুয়ারেজ। ৪০ এবং ৪৩ মিনিটে জোড়া গোল করলেন সুয়ারেজ। ফলে প্রথমার্ধের খেলা শেষ হল ২-২ গোলে। ৫৮ মিনিটে বেঞ্জামিন ইন্টার মায়ামিকে এগিয়ে দিলেন। এরপরই পরিবর্ত হিসেবে মাঠে নামলেম মেসি।৭২ মিনিটে মায়ামির জালে বল পাঠিয়েও গোল পায়নি নিউ ইংল্যান্ড। ভিএআরের সাহায্য নিয়ে গোলটি বাতিল করেন রেফারি। এরপর শুরু হল মেসি ম্যাজিক।
১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা।৭৮, ৮১ ও ৮৯ মিনিটে মেসি গোল করে হ্যাটট্রিক করেন মেসি। ৭৮ মিনিটে সুয়ারেজের পাস থেকেই গোল করলেন মেসি। এরপর ৮১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করলেন জোর্দি আলবার পাস থেকে। ৮৯ মিনিটে মেসিকে হ্যাটট্রিকে সহায়তা করলেন সেই সুয়ারেজ।
মেসিকে পরের দিকে নামানো প্রসঙ্গে ইন্টার মায়ামি কোচ বলেন, 'বড় একটা চোটের কবল থেকে মুক্ত হয়েছেন মেসি। তাই তাঁকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হয়েছে। জাতীয় দল এবং আমরাও এটা নিয়ে খুব সতর্ক ছিলাম।'












Click it and Unblock the Notifications