লিওনেল মেসির হ্যাটট্রিকে ভাঙল পেলের রেকর্ড, আরও নজির কীভাবে? দেখুন লিও-র গোলের ভিডিও
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে অনবদ্য হ্যাটট্রিকের মাধ্যমে আর্জেন্তিনার বড় জয় নিশ্চিত করেছেন অধিনায়ক লিওনেল মেসি। বুয়েনস আইরেসে অনুষ্ঠিত এই ম্যাচেই লিওনেল মেসি পেলের রেকর্ড স্পর্শ করে তা ভেঙেও দিয়েছেন। লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে পুরুষদের ফুটবলে সর্বাধিক গোলের মালিক এখন এলএম টেন।
|
পেলের রেকর্ড ভাঙলেন মেসি
মেসি এই ম্যাচ যখন খেলতে নামেন তখন তাঁর নামের পাশে লেখা ছিল ৭৬টি আন্তর্জাতিক গোল। ১৪ মিনিটের মাথায় বাঁ পায়ে বিশ্বমানের গোল করে পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি। পুরুষদের ফুটবলে লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে সর্বাধিক গোল করার নজির ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের। সেই রেকর্ড স্পর্শ করার পর তা মেসি ভেঙেও দেন ৬৪ মিনিটে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৭৮তম গোলটি করে। পরে ৮৮ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রির সম্পূর্ণ করেন মেসি।

হ্যাটট্রিকে অনন্য
দেশের হয়ে ১৫৩টি ম্যাচ খেলে মেসির গোলের সংখ্যা দাঁড়াল ৭৯। একমাত্র ব্রাজিলের দুই মহিলা ফুটবলারের গোলের সংখ্যাই লাতিন আমেরিকার ফুটবলে মেসির চেয়ে বেশি। মার্টা ১০৯টি এবং ক্রিস্টিয়ান ৯৬টি গোল করেছেন। এদিন হ্যাটট্রিকের সুবাদে মেসির রেকর্ড ভাঙার পাশাপাশি স্পেনের লুইস সুয়ারেজের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন আর্জেন্তিনা অধিনায়ক। কনমেবলের দলগুলির মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মেসিই এখন সর্বাধিক গোলের মালিক। বলিভিয়ার বিরুদ্ধে ১১টি ম্যাচে তাঁর আটটি গোলের সুবাদে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মেসির গোলের সংখ্যা এখন ২৬। ২০১৬ সালে দেশের হয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪টি গোল করার রেকর্ড টপকে গিয়েছিলেন আর্জেন্তিনা ফুটবলে মারাদোনার উত্তরসূরী।

তৃপ্তির মুহূর্ত
কোপা আমেরিকা জয়ের পর দেশের মাটিতে খেলতে নেমে এদিন কোপা ট্রফি নিয়ে সেলিব্রেশনে মাতেন আর্জেন্তিনার ফুটবলাররা। পেলের রেকর্ড ভেঙে ফেলার পর উচ্ছ্বসিত মেসি। তিনি বলেন, আমি এটা উপভোগ করতে চাইছিলাম। এই মুহূর্তটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছি। স্বপ্ন দেখেছি। যেভাবে দীর্ঘ প্রতীক্ষার পর মুহূর্তের সাক্ষী হতে পারলাম তা ইউনিক। গ্যালারিতে আমার মা, ভাই-সহ পরিজন ও বন্ধুবান্ধবরা ছিলেন। তাঁদের সামনে এই নজির গড়তে পারার সেলিব্রেশনের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমি সত্যিই খুশি। উল্লেখ্য, পুরুষদের ফুটবলে আন্তর্জাতিক গোলের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সংখ্যা ১৮০ ম্যাচে ১১১টি। মেসির চেয়ে অনেকটাই পিছিয়ে নেইমার। ১১২ ম্যাচে নেইমারের গোলের সংখ্যা ৬৮।

লিও-র সামনে
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নিরিখে শীর্ষস্থানে রোনাল্ডো। মেসি ধরে ফেলেছেন জাম্বিয়ার গডফ্রে চিতালুকে। ১১১টি ম্যাচে চিতালু ৭৯টি গোল করেছেন, মেসির লেগেছে ১৫৩টি ম্যাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই সম্প্রতি ইরানের আলি দাইয়ের রেকর্ড (১৪৯ ম্যাচে ১০৯ গোল) ভেঙে পুরুষদের ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল রয়েছে সিআর সেভেন। সর্বাধিক গোলদাতাদের তালিকায় মালয়েশিয়ার মোক্তার দাহারি রয়েছেন তৃতীয় স্থানে। ১৪২ ম্যাচে ৮৯টি গোল করেছেন তিনি। চতুর্থ স্থানে হাঙ্গেরির কিংবদন্তি ফেরেন্স পুসকাস, যিনি ৮৫টি ম্যাচে ৮৪টি আন্তর্জাতিক গোল করেছেন।












Click it and Unblock the Notifications