Lionel Messi: অপেক্ষার অবসান, চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি, সৌদি লিগে আটকে গেল রোনাল্ডো ব্রিগেড
সপ্তাহ শেষে মেসি ভক্তদের জন্য বিরাট সুখবর। অবশেষে চোটর সমস্যা কাটিয়ে মাঠে ফিরছেন লিও মেসি। ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামতে চলেছেন আর্জেন্টাইন তারকা।
গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছেড়ে যান লিওনেল মেসি। মাঠ ছাড়ার পর সেদিন ফোলা পা নিয়ে ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাঁকে। সেই ঘটনার পর এখন পর্যন্ত মাঠে ফেরা হয়নি আর্জেন্টাইন মহাতারকার। এরপর কেটে গিয়েছে প্রায় ২ মাস। ক্লাব বা জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি মেসি। ভিআইপি বক্সে বসেই দেখেছেন ক্লাব দলের ম্যাচ।

টাটা মার্টিনো জানিয়েছেন, 'ও (মেসি) এখন খুব ভালো রয়েছে। ম্যাচ খেলার পরিস্থিতিতে রয়েছে ও। কয়েকদিন আগে থেকেই ও দলের সঙ্গেই অনুশীলন করছে। শনিবার আমাদের ম্যাচ রয়েছে। ওই ম্যাচে আমাদের যে পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে রয়েছে ও। যথেষ্ট ভালো অনুশীলন করছে। ওর অনুশীলনের পরে আমরা নিশ্চিত হয়ে যাব ওর জন্য কী স্ট্র্যাটেজি আমরা করব। তবে এটা বলতে পারি, শনিবার ম্যাচ খেলার জন্য ও প্রস্তুত।'
চলতি বছর কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ডান পায়ের গোড়ালিতে চোট পান মেসি। উঠে যেতে হয় তাঁকে। আর খেলতে পারেননি। দল কোপা চ্যাম্পিয়ন হওয়ায় মেসির কষ্ট অবশ্য লাঘব হয়েছিল। কিন্তু তার পর থেকে আর মাঠে নামেননি মেসি। আর্জেন্টিনা তাঁকে ছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলছে। মায়ামিও তাঁকে পাচ্ছে না। চোট সারিয়ে ৪৫ দিন পর ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দেন কিংবদন্তি ফুটবলার। মাঠে নামতে চলেছেন আর ১৫ দিন পর।
এদিকে, আটকে গেল রোনাল্ডো ব্রিগেড। আল নাসের ১-১ গোলে আল আহলির বিপক্ষে ম্যাচ ড্র করল। ম্যাচে গোল পেলেন না রোনাল্ডো। ম্যাচ জিততে না পারলেও এদিন আল-নাসের সমর্থকরা রিয়াদের মাঠে মেতে ছিলেন রোনাল্ডোকে ঘিরে। '৯০০ গোল', 'একমাত্র নায়ক এই গৌরব অর্জন করেছেন' এরকম প্ল্যাকার্ড হাতে দেখা যায় দর্শকদের। আল-আহলির বিপক্ষে ম্যাচের আগে সর্বকালের সেরা তকমার 'গোউট-৯০০' লেখা জার্সি তুলে দেওয়া হয় পর্তুগিজ তারকার হাতে।












Click it and Unblock the Notifications