মেসির নেতৃত্বে কেরলে খেলবে আর্জেন্তিনা! ক্রীড়ামন্ত্রীর দাবি প্রতিপক্ষ হতে আগ্রহ ৩ দেশের
জল্পনার অবসান। নভেম্বরে কেরলে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে আসবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা। লিওনেল স্কালোনির প্রশিক্ষণাধীন বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে আগ্রহ দেখাচ্ছে তিন দেশ, দাবি কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমানের।

২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলেছিল আর্জেন্তিনা। সেই ম্যাচে প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন মেসি। যাঁর নেতৃত্বে আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছে। আগামী বছর নামবে বিশ্বকাপ খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ নিয়ে। ডিসেম্বরে ফিফা বিশ্বকাপের ক্রীড়াসূচি নির্ধারিত হবে। তার আগে কেরল সাক্ষী থাকবে বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখার।
আর্জেন্তিনার ফুটবল সংস্থা জানিয়েছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে আর্জেন্তিনা কেরলে খেলতে আসবে। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও অ্যাঙ্গোলাতেও তাদের খেলার কথা রয়েছে। কবে, কাদের বিরুদ্ধে কোথায় আর্জেন্তিনা খেলবে তা পরে জানানো হবে। সূত্রের খবর, তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে হতে পারে আর্জেন্তিনার ম্যাচটি। কেরলের ক্রীড়ামন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ম্যাচটি ক্লোজড ডোর হবে না। অর্থাৎ সমর্থকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন। ইতিমধ্যেই কেরলে আর্জেন্তিনার মুখোমুখি হতে আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়া। দৌড়ে রয়েছে আরও ২টি দেশ।
এদিকে, ডিসেম্বরে লিওনেল মেসি কয়েকজন সতীর্থ নিয়ে কলকাতাতেও আসবেন। যাবেন আমেদাবাদ, দিল্লি ও মুম্বইয়েও। স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, গোট ট্যুরের ব্যাপারে প্রয়োজনীয় সম্মতি এসে গিয়েছে। ডিস্ট্রিক্টের মাধ্যমে টিকিট বণ্টনের প্রক্রিয়া হবে। তবে তাঁর সঙ্গে মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা দলের কেরল সফরের কোনও যোগ নেই বলে দাবি করেছেন শতদ্রু।












Click it and Unblock the Notifications