Messi's Last Dance! আর্জেন্তিনার জার্সি গায়ে দেশের মাটিতে শেষ ম্যাচ আসন্ন, আবেগপ্রবণ লিওনেল মেসি
লিওনেল মেসি সরকারিভাবে ঘোষণা না করলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপের পর। সেই ইঙ্গিত আরও জোরালো হলো লিওনেল মেসির বক্তব্যেই। আর্জেন্তিনার জার্সিতে দেশের মাটিতে মেসি শেষবার খেলতে নামবেন আগামী বৃহস্পতিবার।

মেসি-ম্যাজিকে ভর করেই ইন্টার মায়ামি পৌঁছে গিয়েছে লিগস কাপের ফাইনালে। অরলান্ডো সিটিকে হারিয়ে। এরপরই মেসির কথায় উঠে আসে দেশের হয়ে দেশের মাটিতে শেষবার মাঠে নামার কথা। ইতিমধ্যেই আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্তিনা। মেসির নেতৃত্বেই খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ দিয়েগো মারাদোনার দেশের সামনে। তার আগে ভেনেজুয়েলার বিরুদ্ধে যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার নামবে আর্জেন্তিনা।
লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আর দুটি ম্যাচ বাকি আর্জেন্তিনার। দেশের মাটিতে ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার পর সেপ্টেম্বরের ৯ তারিখ ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ খেলবে আর্জেন্তিনা। তবে সেই ম্যাচটি মেসিদের দেশে হবে না। ৩৮ বছরের মেসি বলেন, ভেনেজুয়েলা ম্যাচটি আমার কাছে খুব, খুব স্পেশ্যাল ম্যাচ হতে চলেছে। কারণ এটিই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ।
২০৩০ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০। ফলে ভেনেজুয়েলা ম্যাচই যে দেশের মাটিতে দেশের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে সেটা উপলব্ধি করছেব মেসি। তিনি বলেন, আমি জানি না ভেনেজুয়েলা ম্যাচের পর দেশের মাটিতে আর কোনও ফ্রেন্ডলি বা আরও কিছু ম্যাচ পাব কিনা। ফলে যেহেতু এটি বিশেষ ম্যাচ হতে চলেছে, সে কারণে আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, আত্মীয়স্বজনরা হাজির থাকবেন।
বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে হবে আর্জেন্তিনা-ভেনেজুয়েলা ম্যাচ। মেসি নিশ্চিত নন দেশের মাটিতে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যাপারে। সে কারণেই কনমেবল মেসির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, দ্য লাস্ট ডান্স ইজ কামিং! আর্জেন্তিনার মাটিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে টিকিটের দর বাড়ানোর পথেও হেঁটেছে সে দেশের ফুটবল সংস্থা। সর্বনিম্ন টিকিটের দাম রাখা হচ্ছে ১০০ মার্কিন ডলার, সর্বাধিক দামের টিকিট ৫০০ মার্কিন ডলারের আশেপাশে।












Click it and Unblock the Notifications