Lionel Messi: সেমিফাইনালের মেগা ম্যাচের আগে মেসির চোট! খেলতে পারবেন এলএমটেন?
বুধবার সকালে(ভারতীয় সময়) লিগস কাপের সেমিফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি। তাদের প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। মহাযুদ্ধের আগেই অস্বস্তি মায়ামি শিবিরে। মেসির চোটে কিছুটা হলেও সমস্যা মেজর লিগ সকারের দলটি। অনুশীলন করতে গিয়েই মেসির পায়ে লেগেছে চোট। আর্জেন্টাইন রাজপুত্র এখনই যে মায়ামির নয়নের মণি। ফলে তাঁর চোট নিশ্চিত ভাবে ফ্যানদের চিন্তায় রাখছে।
একাধিক আন্তজার্তিক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে , অনুশীলন করার সময় পায়ে চোট পেয়েছেন মেসি। যদিও কোচ টাটা মার্তিনো আশাবাদী যে সেমিফাইনালের ম্যাচে তাঁর দলের সেরা তারকার খেলতে কোনও সমস্যা হবে না।

তিনি জানিয়েছেন, মেসির চোট খুব গুরুতর নয়। দ্রুত ঠিক হয়ে যাবেন তিনি। ফিলাডেলফিয়া ম্যাচের আগে মার্তিনোর বক্তব্য, 'ঠিক কী হয়েছিল সেটা আমি দেখিনি। কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হত তা হলে বাকি খেলোয়াড়দের মধ্যে তার প্রভাব দেখতে পেতাম। ওরা স্বাভাবিক ভাবেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনও কারণ নেই।'
পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পরেই যেন চেনা রূপে ফিরে এসেছেন আর্জেন্টাইন তারকা মেসি। একের পরে এক গোল করে দলের জয়ে ভূমিকা রাখছেন তিনি। এ পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি গোল করেছেন ৮টি এবং ১টি গোলে অ্যাসিস্টও করেছেন। এর মধ্যে তিন ম্যাচে করেছেন জোড়া গোল। ফলে সেমিফাইনালে মেসিই যে হবেন 'ট্রাম্প কার্ড' সেটি বলার অপেক্ষা রাখে না।

মেসি ম্যাজিক দেখার জন্য এই ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে সমর্থকদের জন্য। টিকিটের দাম আকাশ ছোঁয়া। ভারতীয় মুদ্রায় ২৫ হাজার থেকে ৮৫ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে টিকিটের দাম।
একটা সময় অবনমন বাঁচানোই ছিল এই দলটির মূল লক্ষ্য। মেসি ম্যাজিকে বদলে গিয়েছে মায়ামি দলের চালচিত্র। এখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তাঁরা।
লিগস কাপের ফাইনালে উঠতে পারলে, এমনকি তৃতীয় হতে পারলেও পরের মরসুমে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার সুযোগ পাবে মায়ামি। মহাদেশীয় এই আসরে এখনও পর্যন্ত একবারও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মেজর লিগ সকারের ক্লাবটি।












Click it and Unblock the Notifications