বিশ্বকাপের আগেই স্বপ্নের ফর্মে মেসি, হ্যাটট্রিকে উড়ে গেল হাইতি
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে হাইতিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল আর্জেন্তিনা। এবং মেসি একাই হ্যাটট্রিক করলেন।
এবারের বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসির। আর্জেন্তিনীয় সুপারস্টার তাই রাশিয়া বিশ্বকাপকে নিঃসন্দেহে স্মরণীয় করে রাখতে চাইবেন। প্রস্তুতি যে শুরু করে দিয়েছেন তা হাইতির বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচেই বোঝালেন মেসি। হাইতিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল আর্জেন্তিনা। এবং মেসি একাই হ্যাটট্রিক করলেন।

এবছর লা লিগা ও কোপা দেল রে জিতেছেন বার্সেলোনার হয়ে। মেসি সেই ফর্মই এদিন ধরে রাখলেন। ভক্তদের আশা বিশ্বকাপেও এই ফর্মেই মেসিকে পাওয়া যাবে।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন মেসি। প্রথম গোলচি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যেই পরের গোল ও ৬৫ মিনিটের মাখায় হাইতির গোলে বল জড়িয়ে হ্য়াটট্রিক সেরে ফেলেন বার্সার সুপারস্টার। পরে গঞ্জালো হিগুয়েনের বদলি হিসাবে নামা সের্গিও আগুয়েরো চতুর্থ গোল করেন।
জেতার পরে মেসি জানিয়েছেন, দলের খেলায় তিনি খুশি। এবং রাশিয়া বিশ্বকাপেও দল যাতে ভালো খেলে সেজন্য ভক্তরা যেন প্রার্থনা করেন। এবারের বিশ্বকাপে ফেভারিট হিসাবে আর্জেন্তিনা যাচ্ছে না। কোয়ালিফায়ারে ভালো ফল করেনি দল। শেষ অবধি বিশ্বকাপে উঠেছে। তবে মূল পর্বে ভালো খেলবে দল, আশা মেসির।












Click it and Unblock the Notifications