La Liga: জোড়া গোল করে সমালোচনার জবাব দিলেন এমবাপে, সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ
পাহাড় প্রমাণ প্রত্যাশ নিয়েই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে, ফরাসি তারকাকে নিয়ে রিয়াল সমর্থকদের প্রত্যাশাও অনেক। কিন্তু লা লিগের প্রথম তিন ম্যাচে গোল পাননি, এমনকি দলও প্রত্যাশা অনুসারে খেলতে পারছিল না। ফলে রিয়ালে যোগদান করেই সমালোচনার মুখে পড়তে হয় এমবাপেকে। কিন্তু রবিবার রাতে লা লিগায় রিয়ালেক জার্সিতে চেনা ছন্দে পাওয়া গেল এমবাপেকে।
লা লিগায় তিনটি ম্যাচ খেললেও গোল অধরাই ছিল কিলিয়ান এমবাপের। যে কারণে ফরাসি তারকাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু রবিবার রাতে ঘরের মাঠে রিয়াল বেটিসের বিরুদ্ধে এক নয় জোড়া গোল করলেন এমবাপে, তাঁর জোড়া গোলের সৌজন্যেই সহজ জয় পেল রিয়ালও। সেইসঙ্গে সমালোচকদের জবাবও দিলেন বিশ্বকাপজয়ী তারকা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একাধিক সুযোগ তৈরি করে রিয়াল, এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে থাকে। অবশেষে৬৭ মিনিটে আসে প্রথম গোল। সতীর্থের কাছ থেকে বক্সের ভেতর পাস পেয়েই নিখুঁতভাবে জালে জড়িয়ে উল্লাসে মাতেন এমবাপে। লা লিগায় রিয়ালের জার্সিতে প্রথম গোল করলেন তিনি। ৮ মিনিট পর ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ফরাসি তারকা।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জার্সিতে এই প্রথম গোল করে আনন্দ গোপন করেননি এমবাপে। ম্যাচ শেষে ফরাসি তারকা বলেন, 'এটা দারুণ মুহূর্ত। আমি বার্নাব্যুতে গোল করতে মুখিয়ে ছিলাম। এটা মিথিক্যাল স্টেডিয়াম, বিশ্বের সেরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলের জয়।'
তিনটি ম্যাচের মধ্যে দু'টি ম্যাচে ড্র করে রিয়াল। প্রথম কোনও ম্যাচেই গোল করতে পারেননি এমবাপে। এরআগে বৃহস্পতিবার রাতে রিয়াল আটকে যায় দুর্বল লাস পামাসের বিরুদ্ধে। এমবাপে যোগ দেওয়ার পর যে দল এ বার বাকিদের ত্রাস হয়ে উঠবে বলে মনে করা হয়েছিল, তারা মরশুমের শুরু থেকেই খোঁড়াতে শুরু করেছিল। লা লিগায় গোল করে এবং দলকে জিতিয়ে অবশেষে রিয়াল শিবিরে স্বস্তি ফেরালেন এমবাপে।












Click it and Unblock the Notifications