Kylian Mbappe: পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেললেন এমবাপে! মরশুম শেষে কোন ক্লাবে নাম লেখাবেন?
এমবাপের পিএসজি ছাড়ার জল্পনা গুঞ্জন ডালপালা মেলছিল কয়েক বছর ধরেই। অবশেষে পিএসজি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিলেন এমবাপে। চলতি মরশুম শেষে পিএসজি ছাড়ছেন ফরাসি তারকা। এরই মধ্যে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। স্পেন এবং ফ্রান্সের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে প্যারিসের ক্লাব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার।
অবশেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে। পিএসজিতে এমবাপের চুক্তির মেয়াদ আছে আগামী জুন পর্যন্ত। মার্কা সহ একাধিক ইউরোপীয় মিডিয়ার প্রতিবেদনে জানিয়েছে, মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। তা ক্লাবকেও জানিয়ে দিয়েছেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এই ফুটবলার। পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন এমবাপে?

ফরাসি মিডিয়ার তথ্য অনুসারে, এমবাপেকে আরও দুই বছরের জন্য চুক্তি নবীকরণের প্রস্তাব দিয়েছি পিএসজি। সেটা মেনে নিলে বেতন-বোনাস হিসেবে ১৬০ মিলিয়ন ইউরো অর্থাৎ বিশাল পরিমাণ অর্থ তার পকেটে ঢুকবে। কিন্তু পিএসজির উপর থেকে মনই উঠে গিয়েছে ফরাসি তারকার। ফলে ক্লাবের দেওয়া কোনও শর্তেই আর মন ভিজবে না এমবাপের।
এখন সবথেকে বড় প্রশ্ন কোথায় যাবেন এমবাপে? রিয়াল মাদ্রিদই কী তাঁর গন্তব্য হতে চলেছে?
এমবাপের রিয়ালে যাওয়ার কথা ছিল ২০২২ সালেই। সেবার রিয়ালে নাম লেখানোর খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পিএসজিতে থেকে যান ফরাসি তারকা। এবারও রিয়ালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন তিনি-এমন খবর যখন শোনা যাচ্ছিল, তখনই আবার একটি গুঞ্জন ভাসতে শুরু করে যে রিয়ালের প্রস্তাব নিয়ে দ্বিতীয়বার ভাবছেন এমবাপে নিজেই । কারণ, রিয়ালের প্রস্তাবের আর্থিক দিক নিয়ে খুব একটা সন্তুষ্ট নন এমবাপে।
পিএসজি ক্লাবের হয়ে ২৮৪ ম্যাচে ২৩৭ গোল করেছেন এমবাপে। তিনিই পিএসজির সর্বোচ্চ গোলদাতা। পিএসজির হয়ে পাঁচবার লিগ ওয়ানের শিরোপাসহ জিতেছেন বহু ট্রফি। শুধু বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগটাই জেতা হয়নি এমবাপের।












Click it and Unblock the Notifications