PSG: পিএসজির প্রথম একাদশে জায়গা হল না এমবাপের, গোল করেই জবাব দিলেন ফরাসি তারকা
চলতি মরশুম শেষেই পিএসজি ছাড়ার সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছেন এমবাপে। বড় কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে প্যারিসের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাব এবং এমবাপের মধ্যে দূরত্ব কী ক্রমেই বাড়ছে? নঁতের বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশে জায়গা হয়নি ফরাসি তারকার। যদিও পরিবর্ত হিসাবে নেমে গোল করে জবাবটা দিয়ে দিলেন এমবাপে।
শনিবার লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিরুদ্ধে ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি। যদিও প্রতিপক্ষের মাঠে এই দিন প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।বিরতির ঠিক আগের মুহূর্তে নঁতের গোল বাতিল না হলে পিছিয়েও যেতে পারত পিএসজি। যদিও এর বাইরে নঁতেও অবশ্য খুব একটা ভালো খেলতে পারেনি।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পিএসজি। এর মধ্যেই অবশ্য ধুঁকতে থাকা পিএসজিকে স্বস্তি এনে দেন লুকাস হার্নান্দেজ। ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের দুই মিনিট পরেই মাঠে নামেন এমবাপে। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এমবাপেই।এই ম্যাচ জয়ের ফলে ২২ ম্যাচে ১৬ জয়, ৫ ড্র এবং ১ হারে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল তারা।
চলতি মরশুম শেষে পিএসজি ছাড়ছেন ফরাসি তারকা। এরই মধ্যে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। স্পেন এবং ফ্রান্সের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে প্যারিসের ক্লাব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার।
এ মরশুমের শেষে প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফ্রান্সের তারকা ফরোয়ার্ডের। এর অর্থ, তাঁকে দলে নিতে অন্য ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে না। শুধু খেলোয়াড়কে বেতন দিলেই হবে। পিএসজির জন্য এমবাপের মতো তারকাকে একেবারে বিনামূল্যে ছেড়ে দেওয়া বিরাট আর্থিক ক্ষতি। সে কারণেই একাধিকবার তাঁর সঙ্গে নতুন চুক্তি করার চেষ্টা করে পিএসজি। কিন্তু ফরাসি তারকা বারবার নতুন চুক্তি করতে অস্বীকার করেন।
ISL 2023-24: জয়ের হ্যাটট্রিক মোহনবাগান এসজির, নর্থইস্টকে হারিয়ে লিগের লড়াইয়ে দুই নম্বরে হাবাসের দল
এমবাপের পরবর্তী গন্তব্য নিয়ে প্রথমেই নাম ভাসছে রিয়াল মাদ্রিদের। লা লিগা নাকি ইপিএল কোথায় পরবর্তী মরশুমে খেলতে দেখা যাবে এমবাপেকে? যদিও এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি এমবাপে।













Click it and Unblock the Notifications