ফুটবলে গড়াপেটার তদন্তে বড় অগ্রগতি কলকাতা পুলিশের, ধৃত খিদিরপুর ক্লাবের ২
কলকাতার ফুটবল মহলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের তদন্তে বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের। তদন্তে নেমে আকাশ দাস ও রাহুল সাহা নামে দুই ফুটবল কর্তাকে গ্রেফতার করা হয়েছে।
খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ, রাহুল ওই ক্লাবেরই মিডিয়া ম্যানেজার বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আইএফএ।

আইএফএ-র অনুরোধেই তদন্তে নেমে এই পদক্ষেপ। আজ আইএফএ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইএফএ কর্তারা এ বিষয়ে আন্তরিক ধন্যবাদ জানান কলকাতা পুলিশকে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, সারা দেশের মধ্যে কলকাতা পুলিশই প্রথম এ বিষয়ে গ্রেফতারির মতো নজির স্থাপন করেছে। যে সব ক্লাব এই কাজে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের তাদের বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে।
আইএফএ মনে করছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। আগামী দিনে আরও তথ্য সামনে আসবে । তবে এই গ্রেফতারির কারণে কলকাতা লিগের ফলাফলের ওপর কোনও প্রভাব পড়বে না বলেও তিনি জানান।
সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়াও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, সহ সভাপতি সৌরভ পাল,স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।
এদিনই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে সক্রিয় একটি ম্যাচ ফিক্সিং ও জুয়ার চক্র ফাঁস করেছে।
শহরভিত্তিক একটি ফুটবল ক্লাবের সভাপতি/ম্যানেজার-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে। তদন্ত চলছে।
জানা গিয়েছে, গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আকাশকে রাতে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার দাবি করেন, ধৃতদের কাছ থেকে কয়েকটি নাম পাওয়া গিয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে এই মামলায়। পুলিশ সূত্রে খবর, লিগ ও বিভিন্ন টুর্নামেন্টে খেলার ফল আগেই ঠিক করে তার ভিত্তিতে বিপুল আর্থিক লেনদেন চলতো। ধৃতদের মোবাইল ও কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications