Kolkata Derby: ডার্বির দামামা, মরসুমের প্রথম বড় ম্যাচ কবে?
মরসুমের শুরুতেই ডার্বির উত্তেজনা। গড়ের মাঠে বল গড়ালেও এখনও তিন বড় দলের কেউই মাঠে নামেনি। এরইমধ্যে বেজে গেল বড় ম্যাচের আগমনী ধ্বনি।আসন্ন মরসুমে কলকাতা লিগ নয় এবার ডুরান্ড কাপেই প্রথম মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান।
ডুরান্ড কাপের সূচি এখনও প্রকাশ করেনি সেনাবাহিনী। তবে যে কোনও দিন সূচি প্রকাশ করা হতে পারে। সূত্রের খবর, ১১ অগাস্ট হতে পারে মরসুমের প্রথম বড় ম্যাচ। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা ডার্বি দেখতে পাবেন ফুটবল ভক্তরা।

বাঙালির কাছে বড় ম্যাচ মানেই একটা ফুটবল উৎসব। এই ম্যাচ ঘিরেই দুই ভাগে ভাগ হয় বাংলা। ইস্ট-মোহনের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, উদ্দীপনা, উন্মদনা। ফুটবলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন এই ম্যাচের জন্য। সূচি আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সূত্রের খবর, ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ফাইনাল ম্যাচ ৩ সেপ্টেম্বর।
সব কিছু ঠিকঠাক চললে, কলকাতা লিগের সুপার সিক্সেও দুই দলের সাক্ষাত হতে পারে। তবে পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ের মধ্যে থাকতে হবে দুই দলকেই। ১৩২ তম ডুরান্ড কাপে ২৪টি দলকে ভাগ করা হবে ৬ গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও দুই সেরা রানার্স দল যাবে কোয়ার্টার ফাইনালে। কলকাতা, গুয়াহাটি, কোকরাঝাড় ও শিলংয়ে ম্যাচ হবে। এরমধ্যে কলকাতায় খেলবে তিনটি গ্রুপ।

শুধু বাংলার তিন বড় দল ছাড়াও বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরল এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম খেলবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে।
১৩২ তম ডুরান্ড কাপের আসরে নেপাল, ভুটান এবং বাংলাদেশের দল সহ ২৪ টি দলের অংশগ্রহণের সাক্ষী হবে, বিদেশী দলগুলি ২৭ বছর পর এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এছাড়াও রয়েছে বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস।

কলকাতা লিগের ডার্বি হতে পারে সেপ্টেম্বরে, খবর আইএফএ সূত্রে। তবে পঞ্চায়েত ভোটের জন্য লাল হলুদের মাঠে নামা পিছিয়ে যেতে পারে। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১০ জুলাই। লাল-হলুদের প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ । কিন্তু নিরাপত্তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠাতে হবে পুলিশকে। ফলে ১০ জুলাই দল নামানো সমস্যা তাঁদের পক্ষে।












Click it and Unblock the Notifications