ওডিশা এফসি-র বিজয়রথ থামিয়ে আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল কেরালা ব্লাস্টার্স

চলতি আইএসএলে দুরন্ত ছন্দে থাকা ওডিশা এফসি-র বিজয়রথ থামিয়ে দিয়ে প্রথম জয় ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স এফসি। তিলক ময়দানে আজকের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই হলো তিনটি গোল। আলভারো ভ্যাজকুয়েজ ও প্রশান্ত কারুথাদতকুনির গোলে কেরালা ব্লাস্টার্স ২-০ এগিয়ে যাওয়ার পর ইনজুরি টাইমে নিখিল রাজের গোলে ব্য়বধান কমায় ওডিশা।

চলতি আইএসএলে কেরালা ব্লাস্টার্সের প্রথম জয়, পরাস্ত ওডিশা

এদিনের ম্যাচে প্রথমার্ধে জমজমাট লড়াই হলেও কোনও দলই গোল করতে পারেনি। কেরালা ব্লাস্টার্স শুরু করে ৪-৪-২ ছকে। ওডিশা এফসি ৪-২-৩-১ ছকে দল নামায়। তবে আধিপত্য ছিল কেরালা ব্লাস্টার্সেরই। সাত মিনিটের মাথায় আদ্রিয়ান লুনার দারুণ ফ্রি কিক বাঁদিকে ঝাঁপিয়ে অনবদ্য দক্ষতায় বিপন্মুক্ত করেন ওডিশা এফসির গোলরক্ষক কমলজিৎ সিং।

ওডিশাও কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। হাভিয়ের এর্নান্দেসের একটি শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। হেন্ডরি অ্যান্টনির ভলি বাঁচান কেরালা গোলরক্ষক আলবিনো গোমস। প্রথমার্ধে নিজেদের মধ্যে ভালো পাস খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা করে কেরালা, তবে ওডিশার রক্ষণ ছিল জমাট।

দ্বিতীয়ার্ধে ওডিশা এফসি প্রথমার্ধের তুলনায় গোল পাওয়ার জন্য বেশি মরিয়া হয়ে খেলতে থাকে। কয়েকটি আক্রমণ তৈরিও করে, কিন্তু লাভ হয়নি। ৬২ মিনিটে আলভারো ভ্যাজকুয়েজের গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। এরপর ওডিশা এফসির তৈরি করা সুযোগ রক্ষণে প্রতিহত করে প্রতি আক্রমণে যাওয়ার রণকৌশল নিয়ে কেরালা খেলতে থাকে। সেই সুবাদেই ম্যাচের ৮৫ মিনিটে প্রশান্ত কারুথাদতকুনির গোল। এতেই ওডিশা এফসির পরাজয় সুনিশ্চিত হয়ে যায়। ইনজুরি টাইমে শেষ লগ্নে নিখিল রাজের গোলে ব্যবধান কমলেও চলতি আইএসএলে প্রথম পরাজয় রোধ করতে পারেনি ওডিশা। এদিন ম্যাচ হারলেও তৃতীয় স্থান ধরে রাখল ওডিশা এফসি। তিন ম্যাচে তাদের ঝুলিতে ৬ পয়েন্ট। কেরালা ব্লাস্টার্স এফসি চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে।

গত মরশুমে পয়েন্ট তালিকায় একেবারে নীচে থাকা ওডিশা এফসি এবার আইএসএল অভিযান চমকপ্রদভাবেই শুরু করে। নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ৩-১ গোলে হারানোর পর এসসি ইস্টবেঙ্গলকে পরাস্ত করে ৬-৪ গোলে। যদিও তাদের জয়ের হ্যাটট্রিক আটকে দিয়ে প্রথম পরাজয় নিশ্চিত করল কেরালা ব্লাস্টার্স এফসি। এদিনই কেরালা চলতি আইএসএলে নিজেদের প্রথম জয়টিও ছিনিয়ে নিল। আইএসএলের উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়েছিল। নর্থইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্স এফসি-র ম্যাচ গোলশূন্য ড্র হয়। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও পিছিয়ে পড়ে আশিক কুরুনিয়ানের আত্মঘাতী গোলের সৌজন্য ম্যাচ ১-১ রাখতে সক্ষম হয়েছিল কেরালার দলটি। শুক্রবার ওডিশা এফসির পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। আগামী রবিবার এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি। কাল জামশেদপুর এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+