Super Cup 2024: মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল? ডার্বিতে কে কোথায় দাঁড়িয়ে?
Kalinga Super Cup 2024: কলিঙ্গ সুপার কাপে গ্রুপ পর্বের কার্যত ডু-অর-ডাই ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ২০২৪ সালের প্রথম কলকাতা ডার্বি ড্র হলেই শেষ চারে চলে যাবে লাল হলুদ।
মোহনবাগান সুপার জায়ান্ট একাধিক প্রতিবন্ধকতা কাটিয়ে জয় ছিনিয়ে নিলে ছিটকে দেবে ইস্টবেঙ্গলকে। ডার্বির ভবিষ্যদ্বাণী করা না গেলেও অনেক দিন পর এই ডার্বিতে ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।

চলতি মরশুমে দুটি ডার্বি হয়েছে। ডুরান্ড কাপে প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল ১-০ গোলে জিতলেও ফাইনালে একই স্কোরলাইনে জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলে দিলেন, কালকের ডার্বিতে যা কিছু হতে পারে। যারা প্রথমে গোল করবে তাদের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। তবে সমর্থকদের প্যাশন অনেক কিছু বদলে দিতে পারে।
কুয়াদ্রাত স্বীকার করে নিয়েছেন, বাগানে ম্যাচ উইনারের সংখ্যা বেশি। লাল হলুদে ক্লেইটন সিলভা ম্যাচ উইনার নেই। ফলে দলগত পারফরম্যান্সে জোর দিয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান কুয়াদ্রাত। হিজাজি যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে। রক্ষণভাগের যে খামতি ছিল তা এই বিদেশি আসায় মিটেছে।
কুয়াদ্রাত বলেছেন, এবারের সুপার কাপে আমরা যে দুটি গোল হজম করেছি তার দুটি পেনাল্টি থেকে। পরিস্থিতি আমাদের বিপক্ষেও গিয়েছে। তবে আশা করি, কালকের ডার্বিতে আমরা ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারব। ম্যাচ খেলে জিততে হবে। ফোকাস ঠিক রাখতে হবে। সব বিভাগে সংগঠিত হতে হবে। ড্র নয়, জেতার লক্ষ্যেই খেলবে ইস্টবেঙ্গল।
মোহনবাগান সুপার জায়ান্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে হুয়ান ফেরান্দোর পদত্যাগের পর অন্তর্বর্তী হেড কোচ হওয়া ক্লিফোর্ড মিরান্ডাই এদিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন। তাঁর কোচিংয়েই দল কাল খেলবে বলে জানা গেলেও স্ট্র্যাটেজি যে হাবাসই ঠিক করবেন, তা বলার অপেক্ষা রাখে না।
মোহনবাগান সুপার জায়ান্টের সাতজন জাতীয় দলে, দু-জনের চোট। ক্লিফোর্ড বলেন, আমাদের ৯ জন প্লেয়ার নেই। দল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে যাঁরা আছেন তাঁদের প্রতি আস্থা থাকছে। ফুটবলের মানের ওঠা-নামা খেলারই অঙ্গ। ফুটবলাররা চারিত্রিক দৃঢ়তা দেখিয়ে লড়াই করছেন। ৯৩ মিনিটেও আমরা গোল করেছি, সেটাই তার বড় প্রমাণ।
এরপরই ক্লিফোর্ড বলেন, আমরা লড়াই করছি। তবে ইস্টবেঙ্গল কালকের ম্যাচে সকলকেই পাচ্ছে। দরকার একটা ড্র। ফলে ফেভারিট হিসেবে ইস্টবেঙ্গলই শুরু করবে। চাপ ওদের উপরই থাকবে, চ্যালেঞ্জও। রক্ষণভাগ নিয়েও খুব একটা দুশ্চিন্তা করছেন না বাগান কোচ। হাবাস ইতিমধ্যেই যে অভিজ্ঞতা ও তথ্য ভাগ করে নিয়েছেন তা দলের ক্ষেত্রে ইতিবাচক হবে বলে আশা ক্লিফোর্ডের।
গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টের মতো তাদেরও রয়েছে ২ ম্যাচে ৬ পয়েন্ট। গোলপার্থক্যও দুই দলেরই সমান (২)। তবে ইস্টবেঙ্গল যেখানে ৫টি গোল করেছে, সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট গোল করেছে চারটি। লাল হলুদ গোল হজম করেছে তিনটি, বাগান ২টি। আনোয়ার আলিকে কালকের ডার্বিতে বাগান পাবে না বলেই খবর।












Click it and Unblock the Notifications