ATK Mohun Bagan: জুয়ান ফেরান্দোর বিকল্পের খোঁজ শুরু এটিকে মোহনবাগানে, নজরে হাইপ্রোফাইল ব্রিটিশ কোচ
ATK Mohun Bagan: জুয়ান ফেরান্দোর বিকল্পের খোঁজ শুরু এটিকে মোহনবাগানে, নজরে হাইপ্রোফাইল ব্রিটিশ কোচ
গত মরসুমের মাঝ পথে অ্যান্তোনিও লোপেজ হাবাস পদত্যাগ করার পর তৎকালীন এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে নিযুক্ত করে এটিকে মোহনবাগান। তবে, সেই সময় হাবাস পদত্যাগ করেছে এমন কথা জানানো হলেও, জানা গিয়েছিল হাবাসকে সরিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন্য।

প্রশ্নের মুখে ফেরান্দোর স্ট্র্যাটেজি:
হাবাস অধ্যায়ের পুনরাবৃতি যদি আবারও এটিকে মোহনবাগানে হয় তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সূত্রের খবর, মরসুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ডেই ফেরান্দোর উপর মোহভঙ্গ হয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের অনেকের। ডুরান্ত কাপে গ্রুপ পর্যায়ের বাধা টপকাতে পারেনি এটিকেএমবি। এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে ঘরের মাঠে মালয়েশিয়ার দলের বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়ে এটিকে মোহনবাগানকে।ল এই হারের পরেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে ফেরান্দোর স্ট্র্যাটেজি।

দল নির্বাচন ঘিরে প্রশ্ন:
ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণকে এই মরসুমে তাঁর কথা মতোই দলে রাখেনি এটিকে মোহনবাগান। তার পরিবর্তে দলে আধিক্য বেড়েছে ডিফেন্ডারদের। ভাল মানের গোল স্কোরার নেই এটিকে মোহনবাগান দলে। যে বিদেশিদের জুয়ান বেছেছেন তাঁদের গুণগত মান নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। পল পোগবার নিজের দাদা ফ্লোরেন্টিন পোগবা অতীতের ছায়া। লিগা ওয়ানে দাপিয়ে খেলা এই ফুটবলার কেরিয়ারের অপরাহ্নে উপস্থিত হয়েছেন। মাঠের মধ্যে বেশ স্লথ দেখাচ্ছে তাঁকে। কী দেখে তাঁকে নেওয়া হল তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

আতশ কাচের নিচের পারফরম্যান্স:
ডুরান্ডে এবং এএফসি-তে বিপর্যয়ের পর বেশ অস্বস্তিজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন জুয়ান ফেরান্দো। এটিকে মোহনবাগান যদি কলকাতা লিগ শেষ পর্যন্ত না খেলে তা হলে পরবর্তী টুর্নামেন্ট আইএসএল। তার আগে কোচ জুয়ান ফেরান্ডোর উপর কোপ পড়তে পারে, এমনটাই খবর। তবে, যদি কলকাতা লিগ খেলে তা হলে জুয়ানের কোচিং দক্ষতা থাকবে আতশ কাচের নিচে।

কথা হয়েছে মুম্বই সিটি এফসি'র কোচের সঙ্গে:
সূত্রের খবর ইতিমধ্যেই মুম্বই সিটি এফসির প্রধান কোচ ডেস বাকিংহামের সঙ্গে একপ্রস্ত কথাবার্তা সেরেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। ডুরান্ডের মাঝেই মুম্বইয়ের কোচের সঙ্গে আলোচনা হয়েছে। এই মুহূর্তে মুম্বই সিটি এফসি রয়েছে শহরে। ডেসের কোচিং-এ রবিবার (১৮ সেপ্টেম্বর) ডুরান্ড কাপের ফাইনালে মুম্বই সিটি এফসি খেলবে বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে। তবে, এখনও পর্যন্ত কথাবার্তা সবই হয়েছে প্রাথমিক স্তরে। এখনও কোনও কিছুই পাকা নয়, অত্যন্ত প্রাথমিক স্তরে সমস্তটাই রয়েছে।












Click it and Unblock the Notifications