টেনিস খেললে ৫০টি গ্র্যান্ডস্ল্যাম জিততে পারত মেসি, দাবি রাকিটিচের
বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক খেতাব জিতেছেন লিওনেল মেসি এবং ইভান রাকিটিচ। কিন্তু এই দুই বন্ধুকেই একে অপরের বিপক্ষে খেলতে হবে আসন্ন বিশ্বকাপে। কারণ আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া একই গ্রুপে আছে।
বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক খেতাব জিতেছেন লিওনেল মেসি এবং ইভান রাকিটিচ। দুই জনের বন্ধুত্বের সম্পর্কে অবগত নন, এমন বার্সা ফ্যান খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ঘটনাক্রমে এই দুই বন্ধুই দেশের জার্সিতে মুখোমুখি হবেন একে অপরের বিপক্ষে ২০১৮ ফিফা বিশ্বকাপে।

গ্রুপ 'ডি'-তে আর্জেন্টিনার সঙ্গেই রয়েছে রাকিটিচের ক্রোয়েশিয়া। তবে, বিশ্বকাপে কী হবে তা না ভেবে এক সংবাদমাধ্যমে কথা বলার সময় মেসি বন্দনায় মেতে ওঠেন রাকিটিচ।
তিনি বলেন, 'মেসি নিঃসন্দেহে একজন বড় মানের ফুটবলার এবং ওর উপস্থিতির কারণেই আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। কারণ বিশ্বের সেরা ফুটবলার যেই দলে থাকে, সেই দলকে সেরা না বেছে উপায় নেই। আমি ওকে এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানাই।'
মেসির দুরন্ত পারফরম্যান্সের কারণেই এই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। এবং বিশ্বের অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞই মনে করেন, একা মেসিই আর্জেন্টিনা এগিয়ে নিয়ে চলেছেন। বিশেষজ্ঞদের এই ধারণাও মেনে নেন রাকিটিচ। মেসির ব্যক্তিগত নৈপূন্যে একাধিক ম্যাচ জেতানোর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'ফুটবল না খেলে মেসি যদি টেনিস খেলতো তা হলে ৫০টি গ্র্যান্ডস্ল্যাম জিততে পারত। কিন্তু ফুটবল কখনই একা খেলা সম্ভব নয়, এটা ব্যক্তিগত খেলা নয়, দলগত খেলা।'
মেসির চওড়া কাঁধের উপর ভর করে ২০১৪ ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকায় মেসিই ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল আর্জেন্টিনাকে। কিন্তু এই তিনটি ক্ষেত্রেই ফাইনাল জিততে ব্যর্থ হয় আর্জেন্টিনা।
আসন্ন বিশ্বকাপে ২১ জুন গ্রুপের ম্যাচে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে রাকিটিচের ক্রোয়েশিয়া।












Click it and Unblock the Notifications