বিশ্ব ফুটবলে এক অধ্যায়ের অবসান আসন্ন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ইউরো জয়ী অধিনায়ক
ইতালি ফুটবলে হতে চলেছে এক অধ্যায়ের অবসান, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ইউরো জয়ী অধিনায়ক
বিশ্বকাপের বাছাই পর্বে হৃদয় ভেঙে গিয়েছে ইতালির ফুটবল সমর্থকদের। ২০১৮ সালের পর ২০২২ বিশ্বকাপেও দেখা যাবে না আজুরিদের।

চেয়েছিলেন অধিনায়ক হিসেবে শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হওয়ায় আন্তর্জাতিক ক্যারিয়ারকে আর টেনে নিয়ে যাওয়ার মানে খুঁজে পাচ্ছেন না ইতালির অধিনায়ক জিয়র্জিও চিয়েল্লিনি। চলতি বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। চিয়েল্লিনি সুদীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার সঙ্গে শেষ হয়ে যাবে ইতালি ফুটবলের এক অধ্যায়। ২০০০ সাল থেকে বয়স ভিত্তিক ইতালি দলের হয়েছে খেলা শুরু করেন তিনি। ২০০৪ সাল থেকে সিনিয়র দলের হয়ে খেলে চলেছেন।
ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন দল ইতালি এবং আর্জেন্টিনার যে মহারণ হতে চলেছে আসন্ন জুন মাসে সেই ফাইনালিসিমা-তেই চিয়েল্লিনি শেষ ম্যাচটি খেলবেন। ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে আয়োজিত হবে এই ম্যাচ। উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে এই মাঠেই চিয়েল্লিনির নেতৃত্বে ইংল্য়ান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি। এটি ছিল তাদের দ্বিতীয় ইউরো খেতাব। ক্যারিয়ারের সেরা সাফল্য যেখানে পেয়েছেন, সেই মঞ্চ থেকেই বিদায় নিতে চান এই বর্ষীয়ান ডিফেন্ডার।

২০০৩ সালে ইতালির হয়ে অনূর্ধ্ব-১৯ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতেন এই ডিফেন্ডার। ২০০৪ সালের নভেম্বরে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পথ চলা শুরু করেন এই তারকা ফুটবলার। ২০০৪-এ জাতীয় দলে প্রথম খেললেও নিয়মিত প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ২০০৭ পর্যন্ত। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ১১৬ ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব কেরিয়ারেও দক্ষতার সঙ্গে জুভেন্তাসকে সার্ভিস দিয়ে চলেছেন এই ফুটবলার। ২০০৪ সালে প্রথম জুভের জার্সি তাঁর গায়ে ওঠে। ২০০৪-০৫ মরসুমে ফ্লোরেন্টিনার হয়ে লোনে খেললেও কখনও জুভেন্তাস ছেড়ে আর অন্য কোনও ক্লাবে নাম লেখাননি। সময়ের সঙ্গে আরও পরিণত হয়েছেন আরও সমৃদ্ধ করেছেন দেশ এবং ক্লাব উভয় জায়গাতেই। জুভেন্তাসের হয়ে ৯ বার সিরি এ জিতেছেন তিনি, পাঁচ বার জিতেছেন কোপা ইতালিয়া, সুপার কোপা ইতালিয়ানাও জিতেছেন পাঁচ বার। চ্যাম্পিয়ন্স লিগে দু'বার রানার্স হন।
২০২০ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ২০১২ সালে এই খেতাব থেকে এক ধাপ দূরে থেমে রানার্স হন। ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপে ইতালি তৃতীয় হয়। সেই দলের সদ্য ছিলেন তিনি। ২০২০-২১ নেশনস কাপেও তৃতীয় স্থান অধিনায়ক করেছিল তাঁর নেতৃত্বাধীন ইতালি।












Click it and Unblock the Notifications