মুম্বই সিটি এফসি-কে আইএসএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক এবার এটিকে মোহনবাগানে
মুম্বই সিটি এফসি ছাড়লেন অধিনায়ক অমরিন্দর সিং
পাঁচ মরসুম পর মুম্বই সিটি এফসি ছাড়লেন ২০২০-২০২১ মরসুমে ক্লাবকে আইএসএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক অমরিন্দর সিং। সই করলেন গতবারের আইএসএল রার্নাস এটিকে মোহনবাগানে। সোমবার একদিকে যখন মুম্বই সিটি এফসি-র তরফে অমরিন্দরের বিদায়ের বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে পাঞ্জাবের গোলরক্ষককে শিবিরে অন্তর্ভূক্ত করার খবর জানিয়েছে সবুজ-মেরুন শিবির। এই খবরে উচ্ছ্বসিত হয়েছেন এটিকে মোহনবাগানের সমর্থকরা।

পাঁচ বছর পর মু্ম্বই ছাড়লেন অমরিন্দর
পাঁচ বছর ধরে মুম্বই সিটি এফসি-র জার্সিতে চুটিয়ে ফুটবল খেলার পর ওই ক্লাবের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে অমরিন্দর সিংয়ের। সোমবার অভিনেতা রনবীর কাপুরের দলের তরফে এক বিবৃতি জারি করে গত মরসুমের অধিনায়কের সঙ্গে তাদের বিচ্ছেদের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, পাঞ্জাবের গোলরক্ষকের সঙ্গে সোমবারই আইএসএল জয়ী ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
|
এটিকে মোহনবাগানে যোগ দিলেন অমরিন্দর
কথা চলছিল বেশকিছু দিন ধরেই। অবশেষে গোলরক্ষক অমরিন্দর সিং-কে দলে অন্তর্ভূক্ত করে ষোলোকলা পূর্ণ করল এটিকে মোহনবাগান। সোমবার সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে এ খবর জানানো হয়েছে। তাদের সঙ্গে অমরিন্দরের পাঁচ বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছে গতবারের আইএসএল রানার্সরা। ২৭ বছরের গোলরক্ষককে শট-স্টপার বলে আখ্যা দিয়েছে সবুজ-মেরুন। কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত বলে জানিয়েছেন গত মরসুমের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক।

মুম্বই সিটি এফসি-র জার্সিতে গৌরবজনক অধ্যায়
২০১৬ সালের ৭ সেপ্টেম্বর মুম্বই সিটি এফসি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন অমরিন্দর সিং। প্রথম ম্যাচেই শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে দলকে লড়াকু ড্র হাসিল করতে বড় ভূমিকা পালন করেছিলেন ২৭ বছরের গোলরক্ষক। এরপর মুম্বই সিটি এফসি-র প্রথম একাদশে নিয়মিত সদস্য হয়ে গিয়েছিলেন পাঞ্জাবের গোলরক্ষক। টুর্নামেন্টে নিজের প্রথম মরসুমেই সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন অমরিন্দর। দলের হয়ে আইএসএলে ৮৪টি ম্যাচ খেলেছেন ২৭ বছরের ফুটবলার। যা মুম্বই সিটি এফসি শিবিরে রেকর্ড। মুম্বই সিটি এফসি-র হয়ে আইএসএল খেতাব জয় লক্ষ্য ছিল অমরিন্দর সিংয়ের। চার মরসুম অপেক্ষা করার পর গতবারই এটিকে মোহনবাগানকে হারিয়েই প্রথমবারের মতো আইএসএল জেতে মুম্বই। ক্লিনশিটের নিরিথে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা গোলরক্ষক হয়েছিলেন অমরিন্দর।

এটিকে মোহনবাগানের শক্ত তেকাঠি
গত মরসুমের আইএসএলে এটিকে মোহনবাগানের হয়ে তেকাঠির নিচে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। ক্লিনশিটের নিরিখে তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন। উপরি পাওনা হিসেবে অমরিন্দর সিংয়ের অন্তর্ভূক্তি দলের তিন কাঠিকে আরও শক্ত করবে বলে মনে করেন সবুজ-মেরুন সমর্থকরা।












Click it and Unblock the Notifications