ISL: স্বস্তি দিল রক্ষণ, প্রাপ্তি আরও একাধিক, ডার্বি জিতে কী বলছেন মলিনা থেকে শুভাশিস?
শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। দুর্গা পুজো শুরু হতে বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার আগে সমর্থকদের বিরাট স্বস্তি দিয়ে ছন্দে ফিরেছে মোহনবাগান এসজি। মিনি ডার্বিতে মহমেডানকে হারিয়ে দিয়ে চনমনে সবুজ মেরুন। শুধু তিন পয়েন্ট নয় মহমেডান ম্যাচ থেকে আরও একাধিক প্রাপ্তি হল মেরিনার্সদের।
মহমেডানকে ৩-০ গোলে হারিয়েছে মোহনবাগান এসজি। ফলে এই ম্যাচে সব থেকে বড় প্রাপ্তি বোধহয় গোল না খাওয়া। মরশুমের শুরু থেকেই গোল খাওয়ার ভাইরাসে আক্রান্ত হয়েছিল সবুজ মেরুনের রক্ষণভাগ, ম্যাচ জিতলেও ক্নিনশিট বজায় রাখতে ব্যর্থ হচ্ছিল মলিনার দল। আইএসএলের প্রথম তিন ম্যাচেই সাত গোল হজম করে মোহনবাগান এসজি। ফলে রক্ষণ ভাগ নিয়ে উদ্বেগ দেখা যায়।

অজি বিশ্বকাপারকে নিয়ে এবার প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু চোট আঘাত জনিত সমস্যায় শুরুতে অনেক সময় মাঠের বাইরে কাটাতে হয়। দলের সঙ্গে ক্রমশ মানিয়ে নিতেই ছন্দে পাওয়া গেল জেমিকে। ডার্বিতে গোল করেই কলকাতা ময়দানে গোলের খাতা খুললেন ম্যাকলারেন। আগামী দিনে তাঁর থেকে অনেক গোল দেখতে পাবেন বাগান জনতা সেই আভাসও দিয়ে রাখলেন।
চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এলেন মলিনা। তাঁর রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্ত মহমেডান ম্যাচ জিতে ডার্বির আগেই নিজের উপর থেকে যাবতীয় চাপ সরিয়ে ফেললেন মলিনা। ম্যাচ জিতে মলিনা বলেছেন, 'আমাদের পুরো দলই ভালো খেলেছে। প্রতিপক্ষ দল আমাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের রক্ষণভাগের ফুটবলারদের সৌজন্যে সেটা কাজে আসেনি।'
মলিনা আরও বলেন, 'আমাদের গোলের সংখ্যা আরও বাড়াতে পারত। আমাদের গোলের সুযোগ তৈরি করাটই সবথেকে ইতিবাচক দিক ছিল। আমরা তিন গোল করেছি কিন্তু তার থেকে বেশি গোল করতে পারতাম।' অধিনায়ক শুভাশিস বোস বলেন, 'মহমেডানের মতো দলের বিরুদ্ধে জয় আমাদের অনেক বেশি উদবুদ্ধ করবে আগামী দিনে ভালো খেলতে।'
মিনি ডার্বি অতীত, এবার বড় ম্যাচের প্রস্তুতি শুরু করবে মলিনার দল।












Click it and Unblock the Notifications