ISL: গিলের ব্যর্থতায় সুযোগ পাবেন দেবজিৎ? আনোয়ারকে আরও সময় দিতে চান কুয়াদ্রাত
সুপার সিক্সের জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই চলতি মরশুমে আইএসএল অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল, কিন্তু প্রথম দুই ম্যাচ শেষে লাল হলুদের খাতায় এখন প্রাপ্তি শুধুই শূন্যতা। বেঙ্গালুরু এফসির পর কেরল ব্লাস্টার্স, আইএসএলের প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে লাল হলুদকে। আনোয়ার আলি মাঠে নামলেও দলের রক্ষণের হাল ফিরল না।
তবে কেরল ম্যাচে দলের রক্ষণের দুর্বলতার মধ্যেই প্রকট হয়েছে গোলরক্ষক প্রভসুখন গিলের হতাশাজনক পারফরম্যান্স। গত মরশুম থেকেই প্রভসুখন গিলই গোলের নীচের কুয়াদ্রাতের প্রথম পছন্দ। কিন্তু এবার ইস্টবেঙ্গল দলে নিয়েছে অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে। কিন্তু মরশুমের শুরু থেকেই তাঁর জায়গা হচ্ছে রিজার্ভ বেঞ্চে। কিন্তু গত মরশুমে চেন্নাইয়িনের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন উত্তরপাড়ার বঙ্গ সন্তান।

যদিও দলের খেলায় হতাশ হতে নারাজ কুয়াদ্রাত। তাঁর কথায়, এখনই হতাশ হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। প্রথম দুই ম্যাচে আমরা পয়েন্টের খুব কাছাকাছি গিয়েও ফিরে এসেছি। কেরল প্রথম গোল করার আগে পর্যন্ত আমাদের ফুটবলাররা খুব খারাপ খেলেননি। কিন্তু ওরা গোল করার পরে যে চাপটা তৈরি হয় সেটা সামাল দেওয়া যায়নি।'
একইসঙ্গে কুয়াদ্রাত বলেন, "এখনও আমাদের অনেক পরিশ্রম করতে হবে। ফুটবলে মুহূর্তের মধ্যে খেলা ঘুরে যেতে পারে। আমাদের ক্ষেত্রে আজ সেটাই হয়েছে। যে সুবিধা আমরা অর্জন করেছিলাম এই ম্যাচে, তা ধরে রাখতে পারিনি। আমরা গোটা ম্যাচেই ভাল ফুটবল খেলিনি, তা নয়। কিন্তু তা ধরে রাখা প্রয়োজন ছিল।'
এর পাশপাশি আনোয়ারকে আরও সময় দেওয়া পক্ষপাতী কুয়াদ্রাত। তাঁর কথায়, আনোয়ার আলি আজই প্রথম খেলল। হেক্টর ইউস্তের এটা দ্বিতীয় ম্যাচ। ওদের সময় দিতে হবে। আমাদের এই খেলাটা ধরে রাখতে হবে। গোটা মরশুম জুড়ে এই খেলাটাই খেলতে হবে। দলটা তৈরির পর্যায়ে আছে।'
আগামী ২৭ সেপ্টেম্বর এফসি গোয়ার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল দল। চলতি আইএসএলে প্রখমবার ঘরের মাঠে খেলতে নামবে কুয়াদ্রাত ব্রিগেড। আপাতত প্রথম দুই ম্যাচে হারের হতাশা ভুলে সামনে তাকানোই লক্ষ্য লাল হলুদের ব্রিগেডের।












Click it and Unblock the Notifications