ISL: আইএসএলে খেলার স্বপ্নপূরণ, ময়দানের বড় ক্লাবে সই করলেন সন্তোষ ট্রফির নায়ক রবি হাঁসদা
আইএসএল খেলার স্বপ্ন পূরণ হলো বাংলার সন্তোষ ট্রফি জয়ের অন্যতম নায়ক রবি হাঁসদার। দুরন্ত পারফরম্যান্স করে বাংলাকে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন করার নেপথ্যে বিরাট অবদান আছে রবি হাঁসদার। এবার আইএসএলের মঞ্চে সাদাকালো জার্সিতে দেখা যাবে তাঁকে।
বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রেড রোডের ধারে ক্লাবে যোগ দিতে পারেন রবি।অবশেষে সোমবার সেই যাবতীয় জল্পনার অবসান হল। মহমেডান ক্লাবের চুক্তিপত্রে সই করে দিলেন বাংলা ফুটবলের নতুন তারকা। ৬ মাসের লোনে ক্যালকাটা কাস্টমস থেকে মহামেডান স্পোর্টিং ক্লাবে সই করলেন রবি হাঁসদা।

রবি হাঁসদাকে নেওয়ার জন্য মহমেডানের পাশাপাশি ইস্টবেঙ্গল সমান ভাবে আগ্রহী ছিল। কিন্তু ইস্টবেঙ্গলে সই করলে কতটা খেলার সুযোগ পেতেন সেটা নিয়ে প্রশ্ন ছিল। তবে মহমেডান দলের বর্তমানে যা অবস্থা তাতে বেশি ম্যাচ টাইম পেতে পারেন রবি। মহমেডানের আক্রমণভাগের শক্তিও বৃদ্ধি পেল। রবি হাঁসদা সহ বাংলা দল থেকে আরও দুই ফুটবলারকে নিয়েছে মহমেডান।
সন্তোষ ট্রফি তাঁকে নায়ক বানিয়ে দিয়েছে, প্রচারের আলো পেয়েছেন পূর্ব বর্ধমানের ভাতারের মশারু গ্রামের এই ফুটবলার। দুর্গাপুরের মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে আসা রবিরও মূল লক্ষ্য একটা চাকরি। সেইসঙ্গে বড় ক্লাবে নিজেকে প্রতিষ্ঠা করা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাঁর এবং বাংলা দলের সবার চাকরির প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বড় ক্লাবেও খেলার সুযোগ পেলেন।
মহমেডান ক্লাবে সই করার পরই বিনিয়োগকারী সংস্থার অফিসে যান রবি হাঁসদা। সেখানে মহমেডানের কর্তারা উপস্থিত ছিলেন। তবে সরকারিভাবে রবি হাঁসদার নাম ঘোষণা করেনি মহমেডান। আগামী ১১ জানুয়ারি বেঙ্গালুরুর বিরুদ্ধে পরের ম্যাচ আছে মহমেডানের।
বিনিয়োগকারী সংস্থার অফিস থেকে সরাসরি মহমেডান ক্লাবে চলে আসেন রবি হাঁসদা। কর্তারা চেষ্টা করছেন দ্রুত তাকে আইএসএলে রেজিস্ট্রেশন করিয়ে দলের সঙ্গে যুক্ত করতে। তবে ১১ই জানুয়ারি বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে তাঁর খেলা হবে কিনা সেটা নিয়ে এখনও প্রশ্ন থাকছে। তবে সেই ম্যাচে না হলে পরের ম্যাচে রবির দলে থাকতেই পারেন। মহমেডানে সই করে রবি হাঁসদা বলেছেন দলে সুযোগ পাওয়াটা আমার ওপর আমি যদি সুযোগ পাই নিজেকে প্রমাণ করে দেবো।












Click it and Unblock the Notifications