ISL: ঘরের মাঠে নর্থইস্টের বিরুদ্ধে আটকে গেল বেঙ্গালুরু এফসি, সুবিধা হল মোহনবাগান এসজির
চলতি আইএসএলের শুরু থেকেই দারুন ছন্দে আছে বেঙ্গালুরু এফসি। লিগের শীর্ষেই বেঙ্গালুরু খেলতে শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ম্যাচ শেষ হল ২-২ ফলে।
বেঙ্গালুরুর মতো ভালো ছন্দে আছে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। শেষ ম্যাচে চেন্নাইয়িনের মতো দলকে পাঁচ দিয়েছে তারা। বেঙ্গালুরু ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে নর্থইস্ট। ম্যাচের ১১ মিনিটেই এডি সিংয়ের পাস থেকে আলাদিন নর্থইস্টকে এগিয়ে দেন।

কিন্তু বিপক্ষের মাঠে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নর্থইস্ট। ১১ মিনিটেই বেঙ্গালুরুর হয়ে গোল শোধ করেন আলবার্তো নগুয়েরা। কিন্তু কয়েক মিনিটের ব্যবধান ফের গোল। এবার গোল করে এগিয়ে গেল নর্থইস্ট। সুব্রানের পাস থেকে গোল করলেন সেই আলাদিন। ছয় মিনিটেই হল তিন।
১৪ মিনিট শেষেই তিন গোল হয়ে যায়, মনে করা হয়েছিল এই ম্যাচে গোলের বন্যা বইবে। কিন্তু বাস্তবে তা হল না। এরপর প্রথমার্ধে দুই দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না। ফলে ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষে সাজঘরে ফিরল নর্থইস্ট দল।
আক্রমণের ধার বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই শিবশক্তির জায়গায় বেঙ্গালুরু কোচ নামালেন সুনীল ছেত্রীকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের চাপ বাড়ায় বেঙ্গালুরু। কিন্তু রক্ষণকে সংগঠিত করে রাখায় ম্যাচে সমতা ফেরাতে পারছিল না বেঙ্গালুরু। অবশেষে ৭০ মিনিটে সালাহের পাস থেকে বেঙ্গালুরু এফসির হয়ে সমতা ফেরালেন রায়ান উইলিয়ামস। এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না।
৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকল বেঙ্গালুরু, অন্যদিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে নর্থইস্ট। বেঙ্গালুরু ড্র করার সুবিধা হল মোহনবাগান এসজির। কারণ মোহনবাগান এসজি ২ ম্যাচ কম খেলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।
অন্যদিকে শনিবার আইএসএলের ১ হাজারতম ম্যাচে চেন্নাইয়িন এফসি মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসির।












Click it and Unblock the Notifications