ISL: ওডিশা ম্যাচে খেলতে পারবেন না তারকা বিদেশি, প্রাক্তনীরাই ভাবাচ্ছেন মোহনবাগান এসজি কোচকে
রবিবার আইএসএলে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। শুক্রবার বেঙ্গালুরু নর্থইস্টের বিরুদ্ধে আটকে যাওয়ায় খানিকটা সুবিধাই হয়েছে সবুজ মেরুন শিবিরের। ওডিশা ম্যাচ জিতে বেঙ্গালুরুর উপর চাপ আরও বাড়ানোই লক্ষ্য মোহনবাগান এসজির।
শনিবার সকালে যুবভারতী সংলগ্ন ট্রেনিং সেন্টারে ওডিশা ম্যাচের আগে শেষ অনুশীলন করে নেয় মোহনবাগান এসজি। ছন্দে থাকা মোহনবাগান শিবিরে চিন্তার একমাত্র কারণ দলের তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্টের কোচ। হাঁটুতে চোট রয়েছে স্টুয়ার্টের। তাঁর ওডিশা ম্যাচ খেলা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পুনা চলছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। ওডিশা ম্যাচে পাওয়া যাবে না গ্রেগকে।

শনিবার সকালে ওডিশা ম্যাচের আগে শেষ অনুশীলনে অনুপস্থিত ছিলেন গ্রেগ স্টুয়ার্ট। সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, স্টুয়ার্ট দেশে ফিরে যাচ্ছেন। তবে সবুজ মেরুন সমর্থকদের উদ্বেগের কোনও কারণ নেই। তারকা বিদেশির চোট গুরুতর নয়। মূলত বিশ্রামের জন্য তাঁকে দেশে ফরেত পাঠানো হচ্ছে। আসলে ওডিশা ম্যাচের পর আন্তর্জাতিক ম্যাচের জন্য বেশ কয়েকদিন আইএসএলের খেলা বন্ধ থাকবে। তখন সব বিদেশিকে ছুটিতে পাঠানো হবে। কিন্তু চোটের জন্য স্টুয়ার্টের জন্য কিছুটা আগেই পাঠানো হচ্ছে।
বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল স্টুয়ার্টকে অনুশীলন না করতে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ওডিশা ম্যাচে খেলবেন তারকা বিদেশি। এমনকি স্টুয়ার্ট নিজেও কোচকে জানিয়েছিলেন তিনি ওডিশা ম্যাচে মাঠে নামতে প্রস্তুত। কিন্তু মোলিনা তাঁর দলের সেরা অস্ত্রকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি। ফলে স্টুয়ার্টকে বাদ দিয়ে ভুবনেশ্বর গেল মোহনবাগান এসজি।
স্টুয়ার্ট না থাকলে খুব একটা সমস্যা হবে না হোসে মোলিনার। প্রথম থেকেই মাঠে নামাতে পারবেন দিমিত্রি। বিগত কয়েকটি ম্যাচে যিনি পরিবর্ত হিসেবে মাঠে নামছিলেন। বাকি পুরো দলকেই পাচ্ছেন মোলিনা। তবে বাগান কোচকে ভাবাচ্ছে ওডিশা দলে থাকা সবুজ মেরুনের প্রাক্তনীরা। রয় কৃষ্ণ, হুগো বুমোস এই দুই বাগান প্রাক্তনী আছে ওডিশার দলে।
এই প্রসঙ্গে মোলিনা বলেছেন, 'রয় এবং হুগো এই দুই ফুটবলার তাঁদের প্রাক্তন দলের বিরুদ্ধে বাড়তি মোটিভেশন নিয়ে খেলবে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। দল হিসেবেও ওডিশা বেশ শক্তিশালী। তার উপর তারা ঘরের মাঠে খেলবে। ফলে আমাদের লড়াই সহজ হবে না।'
মোহনবাগান এসজি ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ওডিশা। ম্যাচের আগে ওডিশা কোচ সার্জিও লোবেরা্ বলেন, 'কলিঙ্গ স্টেডিয়াম আমাদের কাছে খুব স্পেশ্যাল। আমি আমার ফুটবলারদের উপর আস্থা রাখছি, আশা করছি আন্তর্জাতিক বিরতির আগে আমরা তিন পয়েন্ট ঘরে তুলতে পারব।'












Click it and Unblock the Notifications