ISL: তিন পয়েন্টের লক্ষ্যে সব দলকে সমান গুরুত্ব মোলিনার, সমস্যাকে সঙ্গী করেই ডার্বিতে নামছে মহমেডান
শনিবার আইএসএলের মঞ্চে ফের ডার্বি। যুবভারতীতে মহমেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। লিগ টেবলের ১ নম্বর স্থানের সঙ্গে ১৩ নম্বর দলের খেলায় স্বভাবতই অনেক এগিয়ে থেকে শুরু করবে মোহনবাগান এসজি। শুধু মাঠে নয় মাঠের বাইরে ম্যানেজমেন্টেও দুই দলের অনেকটাই পার্থক্য, তবে মিনি হোক বা লার্জ ম্যাচটার নাম যে ডার্বি।
মহমেডান ম্যাচের আগে ডিফেন্স নিয়ে নতুন করে ভাবতে হবে মোহনবাগান এসজিকে। গত ম্যা়চে বেঙ্গালুরুর বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি আশিস রাই। তাঁর পরিবর্তে খেলেন দীবেন্দ্যু বিশ্বাস। এই ম্যাচেও সবুজ মেরুন কোচ সম্ভবত পাবেন না আলবার্তো রদ্রিগেজকে। ম্যাচের আগেরদিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন। বাকি পুরো দলই খেলার মতো অবস্থায় আছে। আইএসলের মঞ্চে এখনও পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দুই দল, মোহনবাগান সহজ জয় পেয়েছিল।

৪০ পয়েন্ট নিয়ে আপাতত লিগের ১ নম্বরে আছে সবুজ মেরুন। লিগ শিল্ড জয়ের ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে আছে সবুজ মেরুন ব্রিগেড। মহমেডানের বিরুদ্ধে নামার আগে হোসে মোলিনা বলেছেন, আমাদের লক্ষ্যের কোনও বদল ঘটছে না, আমাদের তিন পয়েন্ট পেতে হবে। আমরা শেষ ম্যাচে যেমন খেলেছিলাম তার থেকেও ভালো খেলতে হবে। তিন পয়েন্ট পেলে লিগ টেবলের চিত্র বদল হবে।
এই ম্যাচে নামার আগে মুম্বই বা গোয়াকে নিয়ে ভাবতে নারাজ মোলিনা। বরং নিজের খেলায় ফোকাস করছেন তিনি। মোলিনার কথায়, এখনই দূরের কোনও লক্ষ্য নিয়ে ভাবতে রাজী নই, প্রতিটি ম্যাচে ফোকাস করছি। মহমেডান ম্যাচও তাঁর ব্যতিক্রম নয়। আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। তাই পয়েন্ট টেবল দেখছি না। সব দলকেই সমান গুরুত্ব দিচ্ছি।
আলবার্তো রদ্রিগেজকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও মোলিনা কিন্ত গুরুত্ব দিচ্ছেন দলের ব্যালেন্সকেই। তাঁর কথায়, ফুটবল খেলায় ব্যালেন্সটাঅ আসল। একটা দল ৯০ মিনিট ধরে যেমন আক্রমণ করতে পারে না তেমনই পুরো সময় ডিফেন্স করতে পারে না। ফলে ব্যালেন্সের প্রয়োজন হয়। আমাদের দল সেটাই করে।
অন্যদিকে, আইএসএলের মঞ্চে প্রথমবার খেলতে নেমেই চরম ডামাডোল মহমেডানে। একই পয়েন্ট তালিকায় সবার নীচে আছে সাকা কালো ব্রিগেড। শনিবার ডার্বি ম্যাচের সংকট আরও বৃদ্ধি পেল সাদা কালো শিবিরে। কোচ আন্দ্রেকে পদত্যাগ থেকে রক্ষা করলেও ডার্বিতে তিনি ডাগ আউট থাকবেন না।
ফলে কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী মেহেরাজউদ্দিনকে। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, আমাদের হারানোর কিছু নেই । মাঠে সর্বোচ্চ উজার করে দিতে হবে।












Click it and Unblock the Notifications