ISL: ওডিশাকে আটকে দিল মহমেডান, বছরের শেষ ম্যাচে সাদা-কালো ব্রিগেডের প্রাপ্তি এক পয়েন্ট
বছরের শেষ ম্যাচে পয়েন্ট পেল মহমেডান। শুক্রবার ঘরের মাঠে ওডিশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করল সাদা কালো ব্রিগেড।
প্রবল চাপের মধ্যে থেকেই ঘরের মাঠে ওডিশার বিরুদ্ধে খেলতে নেমেছিল মহমেডান। ৪-২-৩-১ ছকে দল নামান মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ। অন্যদিকে মাঠে নামার আগেই ধাক্কা খায় ওডিশা এফসি। সার্জিও লোবেরা শারীরিক অসুস্থতার জন্য এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না। ৪-৩-৩ ছকে খেলতে শুরু কর ওডিশা।

প্রথমার্ধে ওডিশাকে যেভাবে চেপে ধরেছিল মহমেডান তাতে গোল হতেই পারত। গোমেজ একাই বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলেন। এমনকি তাঁর একটি শট পোস্টে লেগে ফিরে এল। ৩৯ মিনিটে বাধ্য হয়েই মহমেডান কোচকে ফ্রাঞ্জাকে তুলে নিতে হয়। তাঁর পরিবর্তে মাঞ্জকিকে নামান।গোল করার সুযোগ পেয়েছিল ওডিশাও কিন্তু হুগো বুমোস থেকে কার্লোস ডেলগাডো কেউই গোলের সুযোগের ব্যবহার করতে পারলেন না। ফলে প্রথমার্ধের খেলা শেষ হল ০-০ ভাবেই।
এর আগের ম্যাচ গুলিতে দেখা গিয়েছে প্রথমার্ধে প্রতিপক্ষ দলকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে কিন্ত সেই চাপ ধরে রাখতে সক্ষম হয়নি মহমেডান। ফলে ওডিশা ম্যাচেও সেই আশঙ্কা ছিল। কিন্তু এই ম্যাচে দেখা গেল অন্য চিত্র। দ্বিতীয়ার্ধে গোল মুখ খুলতে দুই দলই মরিয়া ছিল। তবে আক্রমণের ধার বেশি ছিল ঘরের দল মহমেডানের। ম্যাচের সময় যত এগোতে থাকে ততই উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। ৭০ মিনিটে হলুদ কার্ড দেখলেন মহমেডানের রালতে।
কিন্তু শেষ পর্যন্ত কোনও দলই গোল পেল না। ওডিশার বল দখল ৫৭.৬ শতাংশ থাকলেও মহমেডানের গোলে একটিও শট নিতে পারেনি তারা। মহমেডান অবশ্য দুইবার গোল লক্ষ্য করে শট নিয়েছে। ফলে ৯ নভেম্বর ইস্টবেঙ্গল ম্যাচের পর আবার পয়েন্ট পেল মহেমডান। যদিও ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল সাদা কালো ব্রিগেড। ফলে সম্মানের সঙ্গে বছরটা শেষ করতে পারল মহমেডান। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে ওডিশা।












Click it and Unblock the Notifications