ISL: আগামী মরশুমেও থাকবেন কোচিংয়ের দায়িত্বে? দ্বিমুকুট জিতিয়ে উত্তর দিলেন মোহনবাগান এসজি কোচ
হাবাসের উত্তরসূরি হয়ে মোহনবাগান এসজি দলের দায়িত্ব নিয়েছিলেন হোসে মোলিনা। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে ফাইনালে উঠেও ট্রফি জয় করা হয়নি। আইএসএলের শুরুটাও খুব একটা ভালো হয়নি। সমালোচনা শুরু হয়েছিল, কিন্তু মরশুমের শেষ লগ্নে এসে সব কিছুর জবাব দিলেন মোলিনা। লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি দুটি ট্রফি জিতিয়ে বাগান জনতার নয়নের মণি বস মোলিনা। শনিবার দ্বিমুকুট জয়ের পরই বাগান জনতার মুখে স্লোগান আপনি থাকছেন স্যার!
এমনিতেই খুব বেশি কথা বলেন না, সাংবাদিক সম্মেলনে সংক্ষিপ্ত উত্তর দেন। কিন্তু যে টুকু উত্তর দেন তাতে শিরোনামের জন্য যথেষ্ট। প্রাক্তন কোচ হাবাসকে লিগ শিল্ড জেতানোর পরও বিদায় নিতে হয়েছিল, আগামী মরশুমে কি সবুজ মেরুনের কোচিংয়ে দেখা যাবে মোলিনাকে? ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে এসেই বিরাট আভাস দিয়ে গেলেন স্প্যানিশ কোচ।

আগামী মরশুমে কোচিং সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার সঙ্গে মোহনবাগান এসজির এক বছরের চুক্তি হয়েছিল। শর্তে উল্লেখ ছিল যদি লিগ-শিল্ড বা কাপ জেতে দল তাহলেতা হলে আরও এক বছর চুক্তি বৃদ্ধি পাবে। দুটোই জিতেছি। এরপর ম্য়ানেজমেন্টের সঙ্গে কথা বলব, দেখব তারা আমায় রাখতে চায় কিনা। আশা করছি আগামী মরশুমেও রাখবে। ফলে মোলিনার কথা থেকেই স্পষ্ট আগামী মরশুমেই তিনিই থাকবেন বাগানের হেড স্যারের দায়িত্বে।
এর আগেও কলকাতায় এটিকে দলকে কোচিং করিয়েছেন, আইএসএল ট্রফি জিতিয়েছেন। এবার মোহনবাগান এসজিকে দুটি খেতাব এনে দিলেন। কোচিং কেরিয়ারে সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি?
এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মোলিনা বলেন, কীভাবে আরও ভালো করা যায়, সেটার জন্য প্রতিদিন শেখার চেষ্টা করি। আগামীতে আরও ভালো যাতে করতে পারি তার প্রয়াস বজায় থাকে। প্রতিদিন আমি কোনও না কোনও ভুল করি এবং সেখান থেকে শিক্ষা নিই। বর্তমান সময়টা আমার আমার কাছে সেরা। আশা করি কালকের দিনটা আরও ভালো যাবে।
মোহনবাগান দলে একাধিক তারকা, তাদের সামলানো সহজ কাজ নয়। শুধু রণকৌশল স্থির করে দলকে জেতানোই নয় একইসঙ্গে ম্যান ম্যানেজমেন্টেও দক্ষ মোলিনা। তারকা ফুটবলারদের সামলানো প্রসঙ্গে মোলিনা বলেন, আমি একটা দর্শনে বিশ্বাস করি, সবাই খুশি করা সম্ভব নয়। সবাই প্রথম একাদশে থাকতে চায় খেলতে চায়। সেটা তো সম্ভব নয়। তবে মাঠে নামলে ওরা যাতে সেরাটা দেয় সেটা দেখা আমার কাজ। ফাইনাল ম্যাচও স্টুয়া্রট , দিমিত্রি পরিবর্ত হিসাবে নেমে কতটা ভালো খেলেছে সবাই দেখল।












Click it and Unblock the Notifications