ISL: দ্বিতীয় ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল, চেন্নাইয়িনকে হারিয়ে লিগ তালিকায় উন্নতি অস্কারের দলের
আইএসএলে দ্বিতীয় জয় পেল ইস্টবেঙ্গল। শনিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ভারত মহাসাগরের তীরে জ্বলল মশাল। চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ।
অস্কার ব্রুজো এখন ইস্টবেঙ্গলের নতুন ম্যাজিশিয়ান। তিনি দায়িত্ব নিতেই বদলে গিয়েছে লাল হলুদের খেলার মান। এমনকি চলতি মরশুমে প্রথম বার লিগের লাস্ট বয়ের তকমা মুছে ফেলল ইস্টবেঙ্গল। চলতি মরশুমের শুরুর থেকেই লিগের পয়েন্ট তালিকায় লাল হলুদের স্থান ছিল সবার নীচে। কিন্তু চেন্নাইয়িনের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতেই ১৩ থেকে ১১ নম্বরে উঠে এল লাল হলুদ।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করতে থাকে দুই দল। বেশ কিছু সুযোগ পেলেও তা থেকে কাজে লাগাতে পারলেন না দিমিত্রিয়স এবং মাহি তালালরা। ফলে প্রথম ৪৫ মিনিটের শেষে খেলার ফল ছিল ০-০। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিছুটা নিস্প্রভ থাকা দিমিত্রিয়সকে তুলে ক্লেইটন সিলভাকে নামান লাল হলুদ কোচ। এদিন নন্দ কুমারকে না খেলিয়ে পিভি বিষ্ণুকে খেলান কোচ। ৫৩ মিনিটে প্রথম গোলের খাতা খুললেন বিষ্ণু। ক্রেসপোর পাস থেকে গোলের সামনে সুযোগের অপেক্ষায় থাকা বিষ্ণু বল তেকাঠির মধ্যে রাখলেন।
কিন্তু কোচের চিন্তা বৃদ্ধি করে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হল ক্রেসপোকে, নিজের পায়ে মাঠ থেকে বেরোতে পারলেন না ক্রেসপো। ফলে লাল হলুদ কিছুটা চাপে পরে গেল। তাঁর পরিবর্তে নামেন জিকসন সিং। ৮৪ মিনিটে দূর পাল্লার শটে গোল করে ২-০ করলেই সেই জিকসনই। ফলে ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নিল লাল হলুদ।
বাকি সময় রক্ষণকে মজবুত করেই জয় হাসিল করল লাল হলুদ। ৯ ম্যাচে ৭ পয়েন্ট হল লাল হলুদের।এই ম্যাচে ক্রেসপোর চোট চিন্তায় রাখবে লাল হলুদ কোচকে। কারণ পরের ম্যাচ ওডিশা এফসির সঙ্গে।
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে অস্কার ব্রুজো বলেন, আমরা প্রথম দিকে চাপ তৈরির চেষ্টা করি, তারপর খেলার গতি কিছুটা স্লথ করি। চেন্নাই দলের ফুটবলাররা আমাদের থেকে বেশি শক্তিশালী। আমরা দ্বিতীয়ার্ধে অনেক ট্যাকটিকাল ফুটবল খেলি। এই তিন পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications