ISL Derby: ডার্বিতে ইস্টবেঙ্গলকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত সঠিক, রেফারিং ইস্যুতে অবস্থান স্পষ্ট করল এআইএফএফ
আইএসএলের প্রথম ম্যাচ থেকেই রেফারিং নিয়ে আগুনে বিতর্ক চলছে। দ্বিতীয় পর্বের ডার্বিতে তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বক্সের মধ্যে আপুইয়া হাতে বল লাগার জন্য লাল হলুদ পেনাল্টির আবেদন করে। কিন্তু পেনাল্টি পায়নি তারা। রিপ্লে দেখে ধারাভাষ্যকাররা বলেন পেনাল্টি পেতেই পারত ইস্টবেঙ্গল। যদিও এআইএফএফের প্রধান রেফারিং অফিসার ট্রেভর কেটল সাফ জানিয়ে দিলেন, ওটা হ্যান্ডবল ছিল না।
সোমবার সাংবাদিক সম্মেলনে ট্রেভর কেটল মাঠে থাকা রেফারির সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যতই পেনাল্টির দাবি করা হোক না কেন সেটা যে অনায্য সেটা স্পষ্ট করে দিলেন এআইএফএফের রেফারি কমিটির প্রধান। ট্রেভর কেটল বলেছেন, মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচে যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হ্যান্ডবল ছিল না। ম্যাচের পর আমাদের ৫ সদস্য ওই ফুটেজ খতিয়ে দেখে। তাতে প্রত্যেকেই এই সিদ্ধান্তে এসে পৌঁছয় যে ওটা কোনওমতেই হ্যান্ডবল ছিল না।

এখানেই থেমে না তিনি আরও বলেছেন, হ্যান্ডবলের বিষয়টি নিয়ে আমি রিভিউ প্যানেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। সেখানে প্রাক্তন ফিফা ম্যাচ অফিসিয়াল যেমন রয়েছেন, তেমনই এএফসির বর্তমান রেফারি অ্যাসেসররাও রয়েছেন। তাঁরা সবাই মেনে নিয়েছেন হ্যান্ডবল না দিয়ে রেফারি খেলা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত ম্যাচে নিয়েছিলেন তা সঠিক।
তবে মাঠে রেফারিদের যে ভুল ভ্রান্তি হয় সেটাও মানছেন ট্রেভর। তিনি বলেছেন, ফুটবলাররাও তাদের দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ভুল করে। আমাদের কাছে ১৫ জনের রেফারির প্যানেল আছে। এই সংখ্যক রেফারি দিয়েই ১১৯ ম্যাচ পরিচালনা করতে হয়। প্রত্যেক ম্যাচে ৮ জন অফিসিয়াল দরকার। আমাদের পর্যাপ্ত সংখ্যায় রেফারি বা ম্যাচ অফিসিয়াল নেই। রেফারিদের মান অনুযায়ী তাদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়,
যদিও রেফারিং ইস্যুেত কঠোর পদক্ষেপ নিল পাঞ্জাব এফসি। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে রেফারির পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের প্রতিবাদে সর্বভারতীয় রেফারির কমিটির প্রধান ট্রেভর কেটলকে কড়া চিঠি দিল পাঞ্জাব এফসি। সেই ভিএআর চালু করার পাশাপাশি প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। সমস্যার সমাধান না হলে তারা আইএসএল থেকে দলও তুলে নিতে পারে আর্থিক ক্ষতির জন্য এমনটাই তাদের বক্তব্য। ইস্টবেঙ্গলও চিঠি দিয়েছে ফেডারেশনকে।












Click it and Unblock the Notifications