ISL Derby: বিশ বাঁও জলে বড় ম্যাচ! বছরে প্রথম ডার্বিতে নিরাপত্তা কী নিয়ে জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস?
নতুন বছরের প্রথম ডার্বি ম্যাচ ঘিরে প্রবল অনিশ্চয়তা। নির্ধারিত সূচি অনুসারে আগামী ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। কিন্তু গঙ্গাসাগর মেলার সময় বড় ম্যাচ পড়ায় বিধাননগর পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ডার্বিতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এবার বড় ম্যাচ নিয়ে মুখ খুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
সোমবার নব মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।। সেখানেই তিনি সরকারি ভাবে জানালেন ১১ তারিখের ডার্বিতে পুলিশ দেওয়া সম্ভব নয়। ক্রীড়ামন্ত্রীর কথায়, ঔ সময় গঙ্গাসাগর মেলা চলবে ফলে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই সংক্রান্ত বিষয়ে ২৫ দিন দিন আগেই পুলিশের পক্ষ থেকে আয়োজক ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণেই পুলিশ দেওয়া সম্ভব নয়। আপাতত ডার্বি স্থগিত থাকতে পারে।

কিন্ত রাতের দিকে জানা গিয়েছে আয়োজক মোহনবাগান এসজি নমনীয় হতে পারেষ কারণ সূচি পরিবর্তন করা কঠিন। ফলে ভিন রাজ্যে হতে পারে ডার্বি ম্যাচ। ফলে বছরের প্রথম ডার্বি ঘিরে জট আরও জটিল হল। বল এখন এফএসডিএলের কোর্টে।
জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে । তাই বিধাননগর পুলিশ আগেই মোহনবাগান ক্লাবকে জানিয়ে দিয়েছে তাদের আপত্তির কথা। এবার রাজ্য সরকারও জানিয়ে দিল ওই দিনে ডার্বি ম্যাচ করা সম্ভব নয়।
গত অগাস্ট মাসে আরজি কাণ্ডের সময় নিরাপত্তা ইস্যুতে ভেস্তে যায় ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। এবার ফের একবার বাঙালির গর্বের বড় ম্যাচ নিয়ে জটিলতা। ছয় মাসের ব্যবধানে দুটি ডার্বি ঘিরে এমন জটিলতা যে কলকাতা ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপণ নয় সেই কথা মনে করিয়ে দিলেন কল্যাণ চৌবে।
কল্যাণ চৌবে কয়েকদিন আগেই জানিয়েছিলেন, কলকাতা পুলিশ খুবই দক্ষতার সঙ্গে কাজ করেন। দুর্গাপূজার সময় ভিড় সামলানোর ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় আমরা পেয়েছি। আমি আশা করি কলকাতা পুলিশ ম্যাচটি সহজতর করবে। অন্যথায়, ছয় মাসে দুবার ডার্বি ম্যাচ স্থগিত হয়ে গেলে বাংলার ভাবমূর্তি নষ্ট হবে এবং ফুটবল এও ফুটবল খেলোয়াড়দেরও ক্ষতি করবে।












Click it and Unblock the Notifications