ISL Derby: ফিট টিমই স্বস্তি দিচ্ছে মলিনাকে, ডার্বিতে ফেভারিটের তকমা নিয়ে কী বললেন শুভাশিস?
উৎসবের মরশুমেই ময়দানে ডার্বির চড়া মেজাজ। আগামীকাল(শনিবার) চলতি মরশুমে আইএসএলের ডার্বি। মহমেডানকে হারিয়ে ফের ছন্দে ফিরেছে সবুজ মেরুন ব্রিগেড। মিনি ডার্বির পর এবার ডার্বিতেও জয়ের লক্ষ্যে নামছে মোহনবাগান এসজি শিবির। দলের সব ফুটবলারই ফিট, যা বাগান শিবিরে বাড়তি স্বস্তি দিচ্ছে।
লিগের লড়াইয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মোহনবাগান এসজি। ডার্বি জিতে লিগ টেবলে আরও উপরের দিকে উঠাই লক্ষ্য সবুজ মেরুন শিবিরের। আলবার্তো রডরিগেজকে নিয়ে কিছুটা চিন্তা ছিল সবুজ মেরুন ব্রিগেডে। কারণ মহমেডান ম্যাচে চোট পেয়েছিলেন আলবার্তো রডরিগেজ। কিন্তু বড় ম্যাচের আগে সম্পূর্ণ ফিট আলবার্তো। ফলে সম্ভবত তাঁকে প্রথম একাদশে রেখেই রণকৌশল সাজাবেন মলিনা।

শনিবার ম্যাচের আগে শুক্রবার বিকেলে যুবভারতী সংলগ্ন ট্রেনিং গ্রাউন্ডে ডার্বির শেষ মহড়া সেরে নিল মোহনবাগান এসজি। অনুশীলনে ফিল গুড মেজাজেই দেখা গল বাগান ফুটবলারদের। আসলে মহমেডানকে হারিয়ে চাপের প্রেসার কুকার থেকে বেড়িয়ে এসেছেন শুভাশিস বোস-জেসন কামিংসরা, ফলে অনুশীলনের প্রথম ১৫ মিনিট একেবারে হাসি খুশি মেজাজেই দেখা গেল সবুজ মেরুন ফুটবলারদের।
প্রতিপক্ষ দল যথেষ্টই চাপে আছে। এটা কি বাড়তি সুবিধা মোহনবাগান এসজির জন্য? যদিও তা মানতে নারাজ কোচ মলিনা। তাঁর কথায়, 'ইস্টবেঙ্গল মরশুমের শুরুতে যথেষ্টই ভালো খেলছিল। কিন্তু একটা দল খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই পারে কিন্তু তারজন্য তাদের হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই।'
আইএসএল ডার্বিতে এখনও অপরাজিত সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু অতীত বা পরিসংখ্যান এই সব নিয়ে ভাবতে নারাজ মলিনা।
তাঁর কথায়, অতীতে কী হয়েছে, সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই, কারণ সেটা আগামিকাল জিততে সাহায্য করবে না। বড় ম্যাচে কেউ এগিয়ে থেকে শুরু করে না আমাদের লক্ষ্য এই ম্যাচ থেকেও পুরো তিন পয়েন্ট সংগ্রহ করা। কারণ শেষ ম্যাচ জেতায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।"
প্রথমবার কলকাতা ডার্বির ডাগ আউটে থাকবেন মলিনা, নিজের প্রথম ডার্বিকে স্মরণীয় করে রাখছে চাইবেন স্প্যানিশ কোচ। অন্যদিকে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গলকে হালকাভাবে নিচ্ছেন না মোহনবাগান এসজি অধিনায়ক শুভাশিস বোস। তাঁর কথায়, 'ডার্বিতে কেউ ফেভারিট হয় না। সমর্থকদের কাছে তাদের প্রিয় দল ফেভারিট হয়। ইস্টবেঙ্গল শেষ চার ম্যাচ জেতেনি ফলে এই ম্যাচে জিততে ওরা ১০০% দেবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।'












Click it and Unblock the Notifications