ISL 2024-25: আইএসএলে ঘরের মাঠেই ধাক্কা খেল কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসির রুদ্ধশ্বাস জয়
ISL 2024-25: আইএসএল অভিযান শুরুতে ঘরের মাঠেই ধাক্কা খেল কেরালা ব্লাস্টার্স। আজ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল পাঞ্জাব এফসি।
ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ডেডলক ভাঙে ৮৬ মিনিটে। পাঞ্জাব এফসি এগিয়ে গিয়েছিল। এরপর নাটকীয় ইনজুরি টাইমে দুটি গোল দুই দলের। শেষ হাসি হাসল পাঞ্জাব।

১০ মিনিটের ব্য়বধানে ম্যাচের মোড় ঘোরাতে অবদান রেখেছেন পরিবর্ত ফুটবলাররা। পাঞ্জাব এফসিতে খেলা কোঝিকোড়ের উইঙ্গার লুওন অগাস্টিনকে বক্সে অবৈধভাবে বাধা দেন কেরালা ব্লাস্টার্সের মহম্মদ সাহিফ। লুকা মাজসেনকে এদিন প্রথম একাদশে রাখেননি পাঞ্জাব কোচ।
সেই মাজসেন ৮৬ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে দেন দলকে। গোলমেশিন দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের পরিবর্ত হিসেবে কেরালা ব্লাস্টার্স সই করিয়েছে জেসাস জিমেনেজকে। তিনি দ্বিতীয়ার্ধের শুরুতে নেমেছিলেন কোয়ামে পেপরাহর পরিবর্ত হিসেবে।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ২ মিনিটে মার্কারের বাধা টপকে গোল করে কেরালা ব্লাস্টার্সকে সমতায় ফেরান জিমেনেজ। যদিও এর মিনিট তিনেক পরেই জয়সূচক গোল পেয়ে যায় পাঞ্জাব এফসি। লুকা মাজসেনের থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি ফিলিপ মরজলিয়াক। এরপর গোল শোধের কয়েকটি মরিয়া প্রয়াস কেরালা চালালেও শেষরক্ষা হয়নি।












Click it and Unblock the Notifications