ISL 2024-25: আইএসএলে বড় অঘটন! দুইয়ে থাকা বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারিয়ে দ্বিতীয় জয় মহমেডানের
ISL 2024-25: আইএসএলে লাস্ট বয়ের তকমা আপাতত ঘুচিয়ে ফেলল মহমেডান স্পোর্টিং। অ্যাওয়ে ম্যাচ আজ সাদা-কালো ব্রিগেড হারিয়ে দিল বেঙ্গালুরু এফসিকে।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা বেঙ্গালুরু এফসির সামনে ছিল ১৩ নম্বরে থাকা মহমেডান। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে ১২ নম্বরে উঠল মহমেডান। হাদয়রাবাদ এফসি চলে গেলো ত্রয়োদশ স্থানে।

চলতি আইএসএলে এটি মহমেডানের দ্বিতীয় জয়। ১৫টি ম্য়াচ খেলে তারা হেরেছে ৯টিতে, ড্র করেছে চারটি ম্যাচ। ম্যাচের শুরু থেকেই অবশ্য সাদা কালো রক্ষণকে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছিলেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। তিন মিনিটের মাথাতেই রাহুল ভেকের হেড থেকে বল ধরে গোল করার প্রয়াস চালান আলবার্তো নগুয়েরা। তবে সফল হননি।
এরপর জর্জ পেরেরা দিয়াজ ভালো সুযোগ পেলেও গোলমুখ খুলতে পারেননি। বেঙ্গালুরু এফসি প্রথমার্ধে বেশিরভাগ সময়েই সাদা কালো রক্ষণভাগকে বিব্রত করছিল। তবে কাজের কাজটা হচ্ছিল না। বিরতির আগে চিংলেনসানা সিংয়ের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এর খানিক পরে রাহুল ভেকের প্রয়াসও সহজেই রুখে দেন মহমেডানের গোলরক্ষক পদম ছেত্রী।
ম্যাচের ৪৯ মিনিটের মাথায় আলেক্সিস গোমেজের জোরালো শট পোস্টে গিয়ে লাগে। ৫৬ মিনিটে মহমেডানের ফ্রাঙ্কার শট বাঁচান বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। দিয়াজ ও নগুয়েরা ভালো আক্রমণ তুলে আনা সত্ত্বেও ৭০ মিনিটে গোলমুখ খুলতে ব্যর্থ হন।
মহমেডানের কাঙ্ক্ষিত গোলটি আসে ৮৮ মিনিটের মাথায়। ফ্রাঙ্কাকে অবৈধভাবে বাধা দেওয়ায় ফ্রি কিক পেয়েছিল সাদা কালো শিবির। ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি করেন মিরজালল কাসিমভ। বেঙ্গালুরু এফসি টানা ২টি ম্যাচ হেরে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রইল। মহমেডানের ঝুলিতে ১৫ ম্যাচে ১০ পয়েন্ট।












Click it and Unblock the Notifications