ISL 2024-25: আইএসএলের ডার্বি সরল গুয়াহাটিতে, মোহনবাগান SG-র বিরুদ্ধে কখন নামবে ইস্টবেঙ্গল?
ISL 2024-25: আইএসএলের ডার্বি আয়োজন নিয়ে জটিলতা কেটে গেল। ১১ জানুয়ারি শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের দ্বৈরথ হওয়ার কথা ছিল কলকাতায়।
এই ম্যাচটি আয়োজনের দায়িত্বে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিধাননগর পুলিশের অনুমতি না মেলায় ডার্বি আয়োজন নিয়ে জটিলতা দেখা দিয়েছিল।

গঙ্গাসাগর মেলা রয়েছে। সেই কারণে ডার্বি আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ। এরপর মোহনবাগান সুপার জায়ান্টের কর্তারা বিকল্প শহরের জন্য এফএসডিএলের সঙ্গে কথাবার্তা চালাতে থাকেন। অন্যত্র সরাতে হলে সেখানকার সরকারের অনুমতিও দরকার ছিল।
দফায় দফায় এফএসডিএল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে বৈঠক হয়। যোগাযোগ করা হয় অসম সরকারের ক্রীড়া দফতরের সঙ্গে। অবশেষে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ইস্ট-মোহন দ্বৈরথ আয়োজনের ছাড়পত্র মিলেছে।
মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত সংবাদমাধ্যমকে বলেন, জামশেদপুর এফসি মাঠ ছাড়তে রাজি হয়নি। তারা হয়তো ভাবছে ১৭ তারিখ হোম ম্যাচে আমাদের মুখোমুখি হওয়ার আগে ওদের মাঠে আমরা ডার্বি খেললে যাতে বাড়তি সুবিধা না পাই। সে কারণেই সম্ভবত অনুমতি দেয়নি। ওডিশার কথা ভাবা হলেও সেখানে হোটেল পাওয়া-সহ বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল।
সবদিক বিবেচনা করেই গুয়াহাটিকে ডার্বির জন্য বেছে নেওয়া হয়েছে। ১০ জানুয়ারি গুয়াহাটিতেই নর্থইস্ট ইউনাইটেড এফসি খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। পরের দিন ডার্বি। ১৪ জানুয়ারি নর্থইস্টের ম্যাচ গুয়াহাটিতেই রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। ফলে ম্যাচ সম্প্রচারের বন্দোবস্তেও অনেকটাই সুবিধা হবে গুয়াহাটিতে ডার্বি হওয়ায়।
আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে ইস্টবেঙ্গল। লাল হলুদের পক্ষে সুপার সিক্সে জায়গা করা কার্যত অসম্ভব। এই আবহে ডার্বি জয় হতে পারে কিছুটা সান্ত্বনার। তবে কলকাতা থেকে গুয়াহাটিতে ডার্বি সরায় বাংলার ফুটবলপ্রেমীরা হতাশ। ডার্বি মাঠে বসে সুযোগ হাতছাড়া হওয়ায় তাঁদের বেশিরভাগকেই চোখ রাখতে হবে টিভি বা অ্যাপের দিকে।












Click it and Unblock the Notifications