ISL 2024-25: চেন্নাইয়ে প্রথম জয় কেরালা ব্লাস্টার্সের, গোল করে আইএসএলে নজির করুর
ISL 2024-25: আইএসএলে চেন্নাইয়ে এই প্রথম জয়ের স্বাদ পেল কেরালা ব্লাস্টার্স এফসি। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারাল চেন্নাইয়িন এফসিকে।
১৮ বছর ৫৮ দিনের মাথায় এই ম্যাচে গোল করে নজির গড়লেন কেরলের করু সিং থিঙ্গুজম। আজ থেকে তিনিই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা।

আইএসএলে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি অবশ্য অক্ষত থাকল। এই রেকর্ডের মালিক কোমল থাটাল। তিনি ২০১৮ সালের অক্টোবরে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করেছিলেন, ১৮ বছর ৪৩ দিনের মাথায়। ১৫ দিন বেশি লাগল করুর।
ম্যাচের তিন মিনিটের মাথাতেই কেরল ব্লাস্টার্স এগিয়ে গিয়েছিল। করু বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন। চেন্নাইয়িনের রক্ষণভাগের ফুটবলাররা বল ক্লিয়ার করতে না পারায় তা পেয়ে যান জেসাস জিমেনেজ। তিনি পরাস্ত করেন গোলকিপার মহম্মদ নওয়াজকে।
১০ মিনিট বাদে ফের গোলের সুযোগ পেয়েছিলেন জিমেনেজ। তাঁর প্রয়াস রুখে দেন নওয়াজ। কনর শিল্ডস সেট পিস থেকে বল ভাসালেও চেন্নাইয়িনের রায়ান এডওয়ার্ডস, ইরফান ইয়ারওয়াড়রা গোলমুখ খুলতে পারছিলেন না। ৩৭ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় উইলমার জর্ডন গিলকে। ফলে সমস্যা বাড়ে চেন্নাইয়িনের।
প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে ব্যবধান বাড়ান করু সিং থিঙ্গুজম। এরপর ৫৬ মিনিটের মাথায় কোয়ামে পেপরা কেরালা ব্লাস্টার্সের হয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে চেন্নাইয়িনের ভিন্সি ব্যারেটো গোল করে ব্যবধান কমালেও তা হার বাঁচানোর পক্ষে যথেষ্ট ছিল না।
এই জয়ের ফলে কেরালা ব্লাস্টার্স ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আট নম্বরেই থাকল। চেন্নাইয়িন এফসি ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দশম স্থানেই রইল।












Click it and Unblock the Notifications