ISL 2024-25: আইএসএলে নর্থইস্টকে রুখে দিল কেরালা ব্লাস্টার্স, দ্বিতীয়ার্ধেই ২ গোল
ISL 2024-25: আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে রুখে দিল কেরালা ব্লাস্টার্স এফসি। আজ গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্যাচটি শেষ হলো ১-১ গোলে।
যার ফলে কেরালা ব্লাস্টার্স এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি- দুই দলের ঝুলিতেই ৩ ম্যাচে ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে কেরলের দলটি, ছয়ে নর্থইস্ট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ, প্রতি-আক্রমণে ম্যাচের মেজাজ ছিল জমজমাট। দুই দলের খেলাতেই গোল পাওয়ার মরিয়া ভাব চোখে পড়ছিল। নোয়া সাদাউই, জেসাস জিমিনেজ, দানিশ ফারুকরা থাকায় কেরালা ব্লাস্টার্সই বেশি সুযোগ তৈরি করছিল, যা থেকে গোলের পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু কাজের কাজ হয়নি।
জিতিন এমএস অনেকটা দৌড়ে গিলেরমো ফার্নান্দেজকে বল বাড়ানোর পর ভালো সুযোগ এসে গিয়েছিল নর্থইস্টের কাছেও। কিন্তু গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ফার্নান্দেজ। সচিন সুরেশ বল বিপন্মুক্ত করে দেন। গিলেরমো ও আলাদিন আজারাইয়ের আরেকটি সম্মিলিত প্রয়াসও অনবদ্য দক্ষতায় রুখে দেন সুরেশ।
প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ৫৮ মিনিটে মরক্কান আজারাই অনবদ্য ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে দেন নর্থইস্টকে। এরপর কেরালা ব্লাস্টার্স সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে। সাদাউই বারেবারেই সমস্যায় ফেলছিলেন নর্থইস্ট রক্ষণকে। যার সুফল মেলে ৬৭ মিনিটে।
মহম্মদ আইমেনের থেকে বল পেয়ে তা প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি সাদাউই। ৮২ মিনিটে সাদাউইকে ট্যাকল করে লাল কার্ড দেখেন আশির আখতার। ফলে বেশ কিছুক্ষণ নর্থইস্টকে ১০ জনে খেলতে হয়। এই সুযোগ কাজে লাগাতে চেষ্টায় খামতি দেখায়নি কেরালা। আইমেন দুবার গোল করার পরিস্থিতি তৈরিও করে ফেলেছিলেন। যদিও ম্য়াচের ফলাফলে তার প্রভাব পড়েনি।
নর্থইস্ট ৪ অক্টোবর খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। তার আগের দিন ভুবনেশ্বরে ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচ কেরালা ব্লাস্টার্সের।












Click it and Unblock the Notifications