ISL 2024-25: পিছিয়ে পড়েও আলবার জোড়া গোলে জিতল হায়দরাবাদ, রেফারির ভুলের শিকার কেরালা ব্লাস্টার্স
ISL 2024-25: চলতি আইএসএলে দ্বিতীয় জয়টি ছিনিয়ে নিল হায়দরাবাদ এফসি। তাও আবার পিছিয়ে পড়ে। যদিও এই জয়ে বড় ফ্যাক্টর হয়ে থাকল রেফারির বিতর্কিত সিদ্ধান্ত।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ব্লাস্টার্স। বিরতিতে ম্যাচের ফল ছিল ১-১। এরপর কিছুটা ভাগ্যের সহায়তাতেই শেষ হাসি হাসল হায়দরাবাদ।

ম্যাচের শুরু থেকেই হায়দরাবাদ এফসির রক্ষণভাগকে পরীক্ষার মুখে ফেলছিল কেরালা ব্লাস্টার্স এফসি। মহম্মদ আইমেন, আদ্রিয়ান লুনারা বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ তুলে আনছিলেন। যার সুফল মেলে ১৩ মিনিটে। জেসাস জিমেনেজ গোল করেন।
জিমেনেজকে নীচু ক্রস বাড়িয়েছিলেন কোরু সিং। ১৭ বছর ৩৪০ দিনের এই ফুটবলার কেরালার ক্লাবের হয়ে আইএসএলে সবচেয়ে কম বয়সে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন। এরপর কেরালা একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিল না। অন্যদিকে, প্রতি আক্রমণে সমতা ফেরানোর চেষ্টা চালাতে থাকে হায়দরাবাদ।
৪৩ মিনিটে আন্দ্রেই আলবার গোলে সমতা ফেরায় হায়দরাবাদ এফসি। বাঁদিক থেকে পরাগ শ্রীবাস পাস বাড়িয়েছিলেন যা জালে জড়াতে কোনও ভুল করেননি আলবা। এই গোল পাওয়ার পর হায়দরাবাদ এফসির আত্মবিশ্বাস প্রতিফলিত হতে থাকে ম্যাচে।
দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা এডমিলসন কোরেইয়া ৫৫ মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন। তাঁর শট বাঁচান গোলরক্ষক সোম কুমার। কেরালাও আক্রমণের পরিমাণ বাড়ায় কেপি রাহুল নামার পর। তিনি একের পর এক ক্রস বক্সে ভাসাচ্ছিলেন। কিন্তু গোলমুখ খুলছিল না।
এরই মধ্যে পেনাল্টি আদায় করে নেয় হায়দরাবাদ। রেফারির এই সিদ্ধান্ত যে ভুল ছিল তা দেখা গিয়েছে রিপ্লেতেও। এই বিতর্কিত সিদ্ধান্তের বড় মাশুল দিতে হলো কেরালাকে। ডিফেন্ডার হরমিপামের হাতে বল লাগায় রেফারি পেনাল্টি দেন। তবে পরিষ্কার দেখা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল আটকাননি।
এই পেনাল্টি থেকে গোল করেন আলবা। তবে কেরালা ব্লাস্টার্স শিবির ও সমর্থকরা রেফারির উপর ক্ষুব্ধ। দুটি নিশ্চিত পেনাল্টি থেকে কেরালাকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। তা না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো।
এই ম্যাচে হারায় কেরালা ব্লাস্টার্স ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশম স্থানে রইল। হায়দরাবাদ এফসি ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানেই রইল। ২৪ নভেম্বর কেরালা ব্লাস্টার্স হোম ম্যাচ খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ২৫ নভেম্বর হায়দরাবাদ এফসিও হোম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ ওডিশা এফসি।












Click it and Unblock the Notifications